তুরস্কে প্রধানমন্ত্রী পদ থাকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে প্রস্তাবিত প্রেসিডেন্ট শাসিত সরকারে প্রধানমন্ত্রী পদ থাকছে না বলে জানিয়েছেন দেশটির বন ও পানিবিষয়ক মন্ত্রী ভেসেল ইরোগলু। আজ বৃহস্পতিবার এ কথা জানিয়ে তিনি আভাস দেন, প্রধানমন্ত্রী পদ বাতিল করে দুটি ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টি করা হতে পারে।

বর্তমান সরকার–সমর্থিত নতুন প্রেসিডেন্ট শাসিত সরকারের প্রস্তাবে এ বিষয়টি উল্লেখ থাকছে। আগামী বছর নতুন এই ব্যবস্থা নিয়ে গণভোট আয়োজন করা হতে পারে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার দেশটিতে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়িয়ে যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো করতে চায়। এরদোয়ানের বিরুদ্ধে সম্প্রতি ব্যর্থ অভ্যুত্থান–চেষ্টার পর এই উদ্যোগ নিয়েছে তাঁর সরকার।

তুরস্কের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা আনাদুলুকে বনমন্ত্রী ভেসেল ইরোগলু বলেন, ‘নতুন ব্যবস্থায় কোনো প্রধানমন্ত্রী থাকবেন না। একজন প্রেসিডেন্ট থাকবেন। তাঁর পর থাকবেন সম্ভবত একজন ভাইস প্রেসিডেন্ট, যেমনা যুক্তরাষ্ট্রে আছে। তবে আমাদের আরও একজন ভাইস প্রেসিডেন্ট থাকতে পারেন।’