এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে গতকাল রোববার প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম দফায়ই প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর খবরে এ তথ্য প্রকাশ করা হয়। খবর এএফপির।
এরদোয়ান ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) নেতা। তাঁর নিকটতম প্রার্থী ওআইসির সাবেক মহাসচিব ও বিশিষ্ট শিক্ষাবিদ একমেলেদ্দিন ইহসানোগলু পেয়েছেন ৩৮ দশমিক ৮ শতাংশ ভোট। অপর প্রার্থী কুর্দি নেতা সেলাহাত্তিন দেমিরতাস পেয়েছেন মাত্র ৯ দশমিক ১ ভোট শতাংশ ভোট।
এর আগে জনমত জরিপেও এরদোয়ানের জয়ের আভাস মেলে। জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে এরদোয়ান বলেছিলেন, তিনি নির্বাচিত হলে প্রেসিডেন্টের বর্তমান আলংকারিক পদটির ক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করবেন। আর সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়ানোর ঘোষণা দেয় তাঁর দল।
এরদোয়ান ২০০৩ সাল থেকে তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নিয়ম অনুযায়ী তিনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাই তিনি এবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন। বিজয় নিশ্চিত জেনে তিনি ইস্তাম্বুলের ঐতিহাসিক আইয়ুপ সুলতান মসজিদে নামাজ আদায় করেন। এরপর বিজয়ী ভাষণ দেওয়ার উদ্দেশে তাঁর রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা ছিল।
বিরোধীরা অভিযোগ করেছেন, এরদোয়ান ধর্মনিরপেক্ষ তুরস্ককে ইসলামি রাষ্ট্রে পরিণত করেছেন। এর মধ্য দিয়ে তিনি আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নকে অপমানিত করেছেন।