তুরস্কে ফারসিভাষী টিভির চেয়ারম্যান খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে ফারসিভাষী টেলিভিশন চ্যানেল জেম টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাইদ কারিমিয়ানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার তুরস্কের ইস্তাম্বুলে মাসলাক এলাকায় আততায়ীর গুলিতে নিহত হন তিনি। একই ঘটনায় তাঁর কুয়েতি ব্যবসায়িক অংশীদারও নিহত হয়েছেন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের মাসলাক এলাকায় সাইদ কারিমিয়ান নিহত হন। যে গাড়িটি ব্যবহার করে তাঁকে হত্যা করা হয়েছে, সে গাড়িটিও পরে পুড়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে তুর্কি পুলিশ।

কিছুদিন আগে ইরানের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে কারিমিয়ানের বিরুদ্ধে তেহরান আদালতে বিচার হয়। তবে বিচার চলাকালে তিনি উপস্থিত ছিলেন না। তাঁকে ছয় বছরের কারাদণ্ডও দেওয়া হয়।

জেম টিভি ফারসি ভাষায় সম্প্রচারিত হয়। বিভিন্ন বিদেশি ও পশ্চিমা অনুষ্ঠান ফারসি ভাষায় রূপান্তরিত করে ইরানে সম্প্রচার করে জেম টিভি। শুরুতে লন্ডনে প্রতিষ্ঠিত হয় জেম গ্রুপ। বর্তমানে দুবাই পর্যন্ত সম্প্রসারিত হয়েছে এই গ্রুপের ব্যবসা। জেম গ্রুপের ১৭টি ফারসি ভাষার চ্যানেল রয়েছে। এ ছাড়া কুর্দি, আজেরি ও আরবি ভাষায় একটি করে চ্যানেল রয়েছে।