তুরস্কে বিচার বিভাগীয় কাউন্সিলের সাত সদস্য নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে প্রভাবশালী বিচার বিভাগীয় কাউন্সিলের সাত সদস্যকে নির্বাচিত করেছেন এমপিরা। কাউন্সিল ঢেলে সাজানোর অংশ হিসেবে গতকাল বুধবার পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তাঁদের নির্বাচিত করা হয়।
তুরস্কে গণভোটে অনুমোদিত সাংবিধানিক পরিবর্তনের পর এটি বাস্তবায়িত দ্বিতীয় পরিবর্তন। ওই সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর পথ সুগম হয়। প্রথম পরিবর্তনের মাধ্যমে প্রেসিডেন্ট কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ পান।
তুরস্কে এর আগে বিচার বিভাগীয় কাউন্সিলের বেশির ভাগ নিয়োগ বিচার বিভাগের সদস্যরাই দিতেন। কিন্তু গত মাসে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে এই ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়। এ ক্ষেত্রে সরকারের ভাষ্য হলো, এতে ‘গণতান্ত্রিক বৈধতা’ শক্তিশালী হয়েছে। কিন্তু বিরোধীরা এতে বিচার বিভাগের রাজনৈতিকীকরণের অভিযোগ তুলেছেন।
তুরস্কের বড় দুটি বিরোধী দল বলেছে, তারা পার্লামেন্টের এই ভোটাভুটিকে বর্জন করেছে। অবৈধ আখ্যা দিয়ে এই ভোটাভুটি বাতিলের দাবি তুলেছেন তাঁরা।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, অস্থিরতা এড়াতে রাষ্ট্রপতির ক্ষমতার কেন্দ্রীভূতকরণ জরুরি। কিন্তু তিনি বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করেছেন বলে তাঁকে অভিযুক্ত করেছে বিরোধী শিবির।
বিচার বিভাগের ওপর নজরদারি করা কাউন্সিল অব জাজেস অ্যান্ড প্রসিকিউটরসের (এইচএসকে) সদস্যসংখ্যা গণভোটের মাধ্যমে ২২ থেকে কমিয়ে ১৩তে নামিয়ে আনা হয়েছে। আর সাত কাউন্সিল সদস্যকে নির্বাচিত করা হয়েছে গুরুত্বপূর্ণ দুটি আদালত এবং আইনি পেশা থেকে। এ ছাড়া কাউন্সিলের বাকি ছয় সদস্যের একজন হলেন বিচারবিষয়ক মন্ত্রী, অপরজন এই মন্ত্রণালয়ের সহকারী সচিব। আর চারজন প্রেসিডেন্ট এরদোয়ানের নিজের মনোনীত। সাড়ে পাঁচ শ আসনের পার্লামেন্টে প্রয়োজনীয় ন্যূনতম ৩৩০টি ভোটের বেশি ভোটে অনুমোদিত হন সাত সদস্য।
আগে ২২ সদস্যের বিচার বিভাগীয় কাউন্সিলের ১৬ সদস্যকে বিচার বিভাগ নিজেরাই নির্বাচন করত। এএফপি