তুরস্কে বিনা অভিযোগে আটকের মেয়াদ বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে অভ্যুত্থানচেষ্টা-পরবর্তী কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে। কোনো অভিযোগ আনা ছাড়াই কাউকে আটক রাখার সময়সীমা বর্তমানের চার দিন থেকে ৩০ দিন পর্যন্ত বাড়িয়ে ডিক্রি জারি করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ ছাড়া অভ্যুত্থানচেষ্টার ‘নেপথ্যে থাকা’ যুক্তরাষ্ট্রপ্রবাসী ফেতুল্লা গুলেনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক হাজারের বেশি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন তিনি।
সেনা অভ্যুত্থানচেষ্টার জেরে প্রথমে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারির পর এই প্রথম গতকাল শনিবার এরদোয়ান কোনো বিশেষ ডিক্রি জারি করলেন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু গতকাল এ খবর জানিয়েছে।
এরদোয়ানের উদ্ধৃতি দিয়ে দেশটির সম্প্রচার মাধ্যম এনটিভি বলেছে, তুরস্কের সুপ্রিম মিলিটারি কাউন্সিল (ইয়াস) আগামী বৃহস্পতিবার বৈঠকে মিলিত হবে। রেওয়াজ অনুযায়ী প্রতি বছরের আগস্ট মাসে ইয়াসের বৈঠক হয়। তবে অভ্যুত্থানচেষ্টার পরিপ্রেক্ষিতে এবার বৈঠকের সময় কয়েক দিন এগিয়ে নিয়ে আসা হয়েছে।
প্রেসিডেন্টের ডিক্রিতে ১ হাজার ৪৩টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১ হাজার ২২৯টি দাতব্য ও সেবামূলক প্রতিষ্ঠান, ১৯টি ট্রেড ইউনিয়ন ও ৩৫টি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
তুরস্কের আইন অনুযায়ী, পুলিশ কাউকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া চার দিনের বেশি আটক রাখতে পারে না। ডিক্রিতে এই সময় ৩০ দিন পর্যন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রে বসবাসকারী ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের আত্মীয় মুহাম্মেত সেইত গুলেনকে তুরস্কের পূর্বাঞ্চলীয় এরজুরুম থেকে আটক করা হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল জানায়, ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার সন্দেহে তাঁকে আটক করা হয়। অভ্যুত্থানচেষ্টার পর এই প্রথম গুলেনের কোনো আত্মীয়কে আটক করা হলো।