তুরস্কে বিরোধীদলীয় সংবাদপত্রের সম্পাদক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে বিরোধীদলীয় সংবাদপত্র চুমফহুরিয়েতের প্রধান সম্পাদক মুরাত সাবুঞ্চুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে পত্রিকাটির বেশ কয়েকজন সাংবাদিককেও আটক করা হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাডলুতে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় ওই গণমাধ্যমে বলা হয়েছে, কর্তৃপক্ষ যখন নির্বাহী বোর্ডের চেয়ারম্যান আকিন আটালে এবং লেখক গুরে ওজের খোঁজ করছিলেন, তখনই মুরাত সাবুঞ্চুকে আটক করা হয়। প্রতিষ্ঠানটির ১৩ জন সাংবাদিক ও নির্বাহীর নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে সিএনএন। পুলিশ বেশ কিছুদিন ধরেই আটালে এবং ওজকে খোঁজ করছিল। তবে আটালে বিদেশে পালিয়ে আছে বলে সিএনএন-এর ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। চুমফহুরিয়েতের এক প্রতিবেদনে বলা হয়েছে পত্রিকাটির কার্টুনিস্ট মুসা কার্টকেও খোঁজা হচ্ছে।

গত জুলাইয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানকে হটাতে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর থেকেই দেশটির গণমাধ্যমের ওপর ব্যাপক দমন-পীড়ন নেমে এসেছে। ১৫ জুলাই অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর থেকে তুরস্কে জরুরি অবস্থা চলছে। ওই অভ্যুত্থান চেষ্টার পেছনে প্রবাসী ফেতুল্লা গুলেনের ইন্ধন ছিল বলে তখন দেশটির শাসক দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। এরই মধ্যে ওই অভ্যুত্থান চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ১০ হাজারেরও বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

সেই সঙ্গে শতাধিক সংবাদমাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার এবং কয়েক ডজন সাংবাদিককে আটক করা হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বিদ্রোহীদেরও গ্রেপ্তার করেছে সরকার।