তুরস্কে রাশিয়ার রাষ্ট্রদূত হত্যা নিয়ে খবর প্রকাশে নিষেধাজ্ঞা

তুরস্কের আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কার্লোভ হত্যা নিয়ে যেকোনো ধরনের সংবাদ প্রকাশ ও প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্কের একটি আদালত। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর এএফপির।
১৯ ডিসেম্বর আঙ্কারায় একটি চিত্র প্রদর্শনী উদ্বোধনের পর বক্তব্য দেওয়ার সময় অফ ডিউটিতে থাকা এক তুর্কি পুলিশ সদস্য রাষ্ট্রদূতকে গুলি করে হত্যা করেন। এ ঘটনার পর থেকেই রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, হত্যার ওই ঘটনা ভিডিওতে ধারণ করা আছে; যা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। কিন্তু তদন্তের স্বার্থে ওই ভিডিও এবং এ–সংক্রান্ত খবর প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে এক কৌঁসুলি আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত এ নিষেধাজ্ঞা আরোপ করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের সাক্ষী ও সন্দেহভাজন ব্যক্তিদের নিয়ে যাতে খবর প্রচার না হয়, সে আদেশও দেওয়া হয়েছে।
আদালত বলেন, এ ধরনের খবর প্রকাশ ঘটনার তদন্ত এবং জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
১৯ ডিসেম্বর ওই হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর কী কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো তা স্পষ্ট নয়। তবে তুরস্কের দৈনিক হুরিয়াত হত্যাকারী মেভলুত মার্ত আলতিনতাসের বোনের একটি বিশদ সাক্ষাৎকার প্রকাশের পরের দিনই আদালত এ আদেশ দিলেন। সাক্ষাৎকারে মেভলুতের বোন সেহের বলেন, ইজমিরে পুলিশ স্কুলে থাকাকালে তাঁর ভাইয়ের মগজ ধোলাই করা হয়েছে।
আলতিন্তাস ১৯৯৪ সালে তুরস্কের পশ্চিমাঞ্চলে আইদিন প্রদেশের সোক শহরে জন্মগ্রহণ করেন। পরে তিনি একটি বিশেষ স্কুলে পুলিশ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। আঙ্কারায় দাঙ্গা পুলিশ স্কোয়াডের একজন সদস্য হিসেবে তিনি যুক্ত ছিলেন।
তবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করে আসছেন, মেভলুত গত ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানের জন্য দায়ী যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসিত ভিন্নমতাবলম্বী নেতা ফেতুল্লা গুলেনের দলের সঙ্গে যুক্ত। তবে রাশিয়ার তদন্ত কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে মন্তব্য করার মতো সময় এখনো আসেনি।
সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় নিরাপত্তার অজুহাতে তুরস্ক সরকার বারবার স্পর্শকাতর বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে। সমালোচকেরা বলছেন, ২০১৪ সালের আগস্ট মাসে এরদোয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়ে এসেছে। তবে সরকার এ অভিযোগ অস্বীকার করে বলছে, সবকিছু আইনের কাঠামোর মধ্যে থেকেই করা হচ্ছে।