তুরস্কে শুদ্ধি অভিযানের লক্ষ্য কারা?

তুরস্কে অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পরই শুরু হয়েছে ব্যাপকভিত্তিক শুদ্ধি অভিযান। গ্রেপ্তার, আটক, বহিষ্কার, সাময়িক বরখাস্ত হওয়া লোকদের সংখ্যা হাজারো। সেনা, আমলা, বিচারক, শিক্ষকসহ বিভিন্ন ক্ষেত্রের মানুষের ওপর নেমে আসছে খড়্গ। বাদ যাচ্ছেন না কেউ। এমন প্রেক্ষাপটে তুরস্কে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
১৫ জুলাই রাতের অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রথম শুদ্ধি অভিযান শুরু হয় সামরিক বাহিনীতে। এরপর পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ, প্রশাসন, গণমাধ্যম, শিক্ষাসহ সব বেসামরিক খাত শুদ্ধি অভিযানের আওতায় আসে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সরকারের চলমান শুদ্ধি অভিযানের মাত্রা এতটাই ব্যাপক যে, তা দেশ-বিদেশের পর্যবেক্ষকদের উদ্বিগ্ন করে তুলেছে।
তুরস্কের এক কলাম লেখকের মতে, অনেকটা অভ্যুত্থান-কায়দায় শুদ্ধি অভিযান চলছে। এটা একটা ‘পাল্টা-অভ্যুত্থান’।অভ্যুত্থানের পরিকল্পনার জন্য যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা-নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনকে দায়ী করেছে এরদোয়ান সরকার। হিজমত নামের আন্দোলনের সঙ্গে জড়িত গুলেনকে ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধও করেছে আঙ্কারা।
এরদোয়ান সরকারের অভিযোগ অস্বীকার করেছেন ধর্মীয় নেতা গুলেন। তিনি অভ্যুত্থানচেষ্টার নিন্দাও করেছেন।
ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে শুদ্ধি অভিযান চালানোর অঙ্গীকার করেন এরদোয়ান। তাঁর সরকারের এই অভিযানের লক্ষ্য—গুলেনের অনুসারীদের নির্মূল করা।
তুরস্কের সামরিক-বেসামরিক প্রশাসনে গুলেনের কত সংখ্যক অনুসারী আছে, তা সুস্পষ্ট নয়। তা ছাড়া গুলেনপন্থীদের নিশ্চিতভাবে চিহ্নিত করাও কঠিন। শুদ্ধি অভিযানটি অনেকটা গণহারে চলছে বলেই প্রতীয়মান হয়। এমন পরিস্থিতিতে শুদ্ধি অভিযানের আওতায় আসা ব্যক্তিদের সবার গুলেনের অনুসারী হওয়ার সম্ভাবনা কম।
প্রেসিডেন্ট এরদোয়ান তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। তিনি বলেছেন, গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের স্বাধীনতার প্রতি হুমকির বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়াই জরুরি অবস্থা জারির উদ্দেশ্য।
জরুরি অবস্থায় শুদ্ধি অভিযান আরও জোরদার হবে বলে এরদোয়ানের বক্তব্যে ইঙ্গিত মেলে।
এরদোয়ান আসলে কী ভাবছেন, কী তাঁর পরিকল্পনা—তা নিয়ে তুরস্কের জনগণের মধ্যে গভীর সন্দেহ তৈরি হয়েছে। ছড়িয়ে পড়েছে ব্যাপক ভীতিও। বিবিসি অনলাইন অবলম্বনে