তুরস্কে সন্দেহভাজন ব্যক্তিকে ৩০ দিন আটক রাখা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে জরুরি অবস্থার মধ্যে সন্দেহভাজন কোনো ব্যক্তিকে অভিযোগ ছাড়াই ৩০ দিন পর্যন্ত আটক অবস্থায় রাখা যাবে। আজ শনিবার দেশটির সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বিচারকের কাছে হাজির করার আগ পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিকে ৩০ দিন পর্যন্ত আটক অবস্থায় রাখা যাবে। আগে সর্বোচ্চ চার দিন পর্যন্ত আটক রাখা যেত।

এদিকে তুরস্ক সরকারের এ উদ্যোগের সমালোচনা করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েকটি সংগঠনের কর্মীরা।

বিবৃতিতে বলা হয়, দেশটিতে চলমান এ জরুরি অবস্থার মধ্যে ১ হাজার ৪৩টি বেসরকারি স্কুল ও ১ হাজার ২২৯টি সংস্থা ও ফাউন্ডেশন বন্ধ করে দেওয়া হবে।

গত শুক্রবারের অভ্যুত্থানচেষ্টার পর গত বুধবার জাতীয় নিরাপত্তা কাউন্সিল ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে টানা পাঁচ ঘণ্টা বৈঠক করেন প্রেসিডেন্ট এরদোয়ান। বৈঠক শেষ করে স্থানীয় সময় মধ্যরাতের কিছু আগে তিনি তিন মাসের জরুরি অবস্থার ঘোষণা দেন। ন্যাটো সদস্যদেশ তুরস্কে গত দেড় দশকে এটাই প্রথম জরুরি অবস্থা জারি। অভ্যুত্থানচেষ্টার ‘ষড়যন্ত্রকারীদের’ ধরতে সরকারের ক্ষমতা বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সামরিক বাহিনী, বিচার বিভাগ, পুলিশ, গণমাধ্যম, শিক্ষাখাতসহ অভ্যুত্থানচেষ্টায় জড়িত বা স্বেচ্ছানির্বাসিত ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সমর্থক সন্দেহে হাজার হাজার ব্যক্তির বিরুদ্ধে চলমান ব্যাপক শুদ্ধি অভিযানের ধারাবাহিকতায় জরুরি অবস্থা জারি করল প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার।

সামরিক অভ্যুত্থানচেষ্টায় কোনো না কোনোভাবে জড়িত থাকার অভিযোগে গত ২১ জুলাই পর্যন্ত বিভিন্ন বাহিনী ও প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৬০ হাজার কর্মকর্তা-কর্মচারীকে আটক, বহিষ্কার বা সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে শিক্ষাক্ষেত্রের কর্মী রয়েছেন প্রায় ২১ হাজার।

কর্তৃপক্ষের হিসেবে সেনা সদস্য, পুলিশ, বিচারক, কৌঁসুলি ও সরকারি কর্মকর্তাসহ ১০ হাজার ৪১০ জনকে আটক করা হয়েছে। রাষ্ট্র্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানায়, এঁদের মধ্যে ৪ হাজার ৬০ জন অভিযুক্ত হয়েছেন এবং গ্রেপ্তার দেখানো হয়েছে।