তুরস্কে নিহত ৯০, সহস্রাধিক সেনা আটক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে সেনাবাহিনীর একাংশ ট্যাংক ও যুদ্ধবিমান নিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এএফপি বলছে, সহিংসতায় এ পর্যন্ত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ হাজার ১৫৪ জন। আটক করা হয়েছে ১ হাজার ৫৬৩ জন সেনা কর্মকর্তাকে। আত্মসমর্পণ করেছেন ২০০ সেনাসদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান এরদোয়ান।
আঙ্কারা ও ইস্তাম্বুলে গতকাল শুক্রবার রাতভর সংঘর্ষ চলেছে। এ সময় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এরদোয়ানের আহ্বানে সাড়া দিয়ে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) সমর্থকেরা রাস্তায় নেমে আসে। তাদের সঙ্গে অভ্যুত্থানকারীদের সংঘর্ষ চলে।
কয়েক ঘণ্টা ধরে নৈরাজ্যকর অবস্থা চলার পর আজ সকালে ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছান এরদোয়ান। সেখানে দেওয়া ভাষণে তিনি পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, এ ধরনের অভ্যুত্থান জনগণের সঙ্গে প্রতারণা। অভ্যুত্থানকারীদের এ জন্য চড়া মূল্য দিতে হবে। তুরস্ককে কোনো দখলদারের কাছে দেওয়া হবে না। একেপির শত শত সমর্থককে শুভেচ্ছা জানান এরদোয়ান। অভ্যুত্থানের পরিকল্পনাকারীদের ব্যবহৃত বিমান গুলি করে ভূপাতিত করার নির্দেশ দেন এরদোয়ান।

সরকারি বার্তা সংস্থা আনাদোলু বলছে, আঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে বোমার বিস্ফোরণ ঘটে। সকালে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি করলেও এএফপি, বিবিসি ও রয়টার্সের খবরে ঘটনাস্থলে থাকা গণমাধ্যমকর্মীদের বরাত দিয়ে বলা হয়েছে, তখন আঙ্কারা ও ইস্তাম্বুলে সংঘর্ষ চলছিল। বিস্ফোরণ, গোলাগুলির ঘটনা ঘটে। আকাশে ওড়ে যুদ্ধবিমান।
সরকারি সংবাদ সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এএফপির খবরে দেশটির জ্যেষ্ঠ এক কর্মকর্তা জানান, নিহত ব্যক্তিদের মধ্যে ১৭ জন পুলিশ কর্মকর্তা।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তির সংখ্যা ৯০-এ পৌঁছেছে। সরকারি এক কর্মকর্তা বলছেন, তুর্কি সেনা সদর দপ্তরে ২০০ জন

নিরস্ত্র সেনাসদস্য আত্মসমর্পণ করেছেন। সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, ১ হাজার ৫৬৩ জন সেনাকে আটক করা হয়েছে।
অভ্যুত্থানের পরিকল্পনাকারীরা তুর্কি পার্লামেন্টকে লক্ষ্য করে হামলা চালায়। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এতে পার্লামেন্ট ভবনে বেশ ক্ষতি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পশ্চিমা দেশগুলোর বিশ্বনেতারা তুর্কি সরকারকে সমর্থন জানিয়েছেন।
সেনাবাহিনীর কোনো কর্মকর্তা হামলার দায় নেননি। তুরস্কে ১৯৬০ সাল থেকে তিনবার সেনা অভ্যুত্থান ঘটেছে।
আরও পড়ুন: