তুরস্কে হাজার তিনেক বিচারক-কৌঁসুলিকে আটকের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির ২ হাজার ৭৪৫ বিচারক ও সরকারি কৌঁসুলিকে আটক করার নির্দেশ দিয়েছে তুরস্কের কর্তৃপক্ষ। দেশটির এনটিভি টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তুরস্ক সরকারের অভিযোগ, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করা ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের অনুসারীরা এই সেনা অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছে। আর যাঁদের আটক করার নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরাও তাঁর অনুসারী বলেই সরকারের অভিযোগ।

সেনাবাহিনীর একাংশ গত শুক্রবার রাতে ইস্তাম্বুল ও আঙ্কারায় ট্যাংক ও সাঁজোয়া যান নিয়ে রাস্তায় নেমেছিল। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের আহ্বানে হাজারো মানুষ রাজপথে নেমে তাদের সেই চেষ্টা ব্যর্থ করে দেয়। অভ্যুত্থানকারী সেনাসদস্যদের সঙ্গে রাজপথে সরকার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ২৬৫ জন নিহত হয়। এর মধ্যে অভ্যুত্থানকারী সেনাসদস্য ১০৪ জন। অন্যরা পুলিশ ও বেসামরিক লোক। আহত হয়েছে প্রায় দেড় হাজার মানুষ। অভ্যুত্থানে অংশ নেওয়া শীর্ষ পর্যায়ের কর্মকর্তাসহ প্রায় তিন হাজার সেনাসদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পরিস্থিতি যখন প্রায় সরকারের নিয়ন্ত্রণে চলে আসে, তখন এরদোয়ান ইস্তাম্বুলের কামাল আতাতুর্ক বিমানবন্দরে সংবাদ সম্মেলন করে যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেন এবং তাঁর অনুগত সেনা কর্মকর্তা ও সদস্যদের অভ্যুত্থানের জন্য দায়ী করেন। তবে গুলেন অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

এরদোয়ানের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ফেতুল্লা গুলেন একজন ইসলাম প্রচারক। তিনি এখন থাকেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পোকোনো পার্বত্য এলাকার একটি ছোট শহরে। ১৯৯৯ সাল থেকে তিনি সেখানে আছেন। নিজ দেশ তুরস্কে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওঠার পর থেকেই তাঁর যুক্তরাষ্ট্রে বসবাস। সাম্প্রতিক সময়ে হিজমত নামে পরিচিত গুলেন সমর্থকদের আন্দোলন তুরস্কে বেশ জনপ্রিয় হয়ে ওঠায় এরদোয়ান ও গুলেনের সম্পর্কের অবনতি ঘটে। তুরস্কের গণমাধ্যম, পুলিশ এবং বিচার বিভাগে এ আন্দোলন জনপ্রিয়তা পেয়েছে। আর এ বিষয়টি নিয়েই একসময়ের সহযোগী গুলেন পরিণত হয়েছেন এরদোয়ানের শত্রুতে।