তুরস্কে হামলায় সন্দেহভাজন ব্যক্তি শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে আত্মঘাতী বোমা হামলায় জড়িত সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। সিরিয়া সীমান্তের কাছাকাছি এলাকায় গত সোমবার ওই হামলায় ৩২ জন প্রাণ হারায়। খবর এএফপির।
টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে দাভুতোগলু বলেন, সন্দেহভাজন এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। দেশের ভেতরে বাইরে তাঁর সব ধরনের কর্মকাণ্ড ও যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে। ওই হামলায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের যোগসাজশ থাকার ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে। আশা করা যায়, এ তদন্তকাজ শিগগিরই শেষ করা সম্ভব হবে।
সোমবারের ওই হামলায় আহত ২৯ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তুর্কি প্রধানমন্ত্রী বলেন, হামলায় যারাই জড়িত থাকুক—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটি ছিল তুরস্কের ওপর আঘাত। সিরিয়া সীমান্তে বাড়তি নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে আজ বুধবার মন্ত্রিসভার বৈঠক আহ্বান করা হয়েছে।
তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) আইএসের জিহাদিদের মদদ দিচ্ছে বলে যে অভিযোগ রয়েছে, তা নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী দাভুতোগলু।