তুরস্কে ১৩ বছরে প্রথম সংখ্যাগরিষ্ঠতা হারাল একেপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে এবারের পার্লামেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় নিয়ে ক্ষমতাসীন একেপির সংখ্যাগরিষ্ঠতা আশা করছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স
তুরস্কে এবারের পার্লামেন্ট নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় নিয়ে ক্ষমতাসীন একেপির সংখ্যাগরিষ্ঠতা আশা করছিলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: রয়টার্স

তুরস্কে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পার্লামেন্ট নির্বাচনে দেশটির ইসলামপন্থী ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ১৩ বছরের মধ্যে প্রথম এ ঘটনা ঘটেছে। এতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর উচ্চাকাঙ্ক্ষা হোঁচট খেয়েছে।আজ সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার দেশটিতে পার্লামেন্ট নির্বাচনে ভোট নেওয়া হয়।
ইতিমধ্যে প্রায় ৯৯ শতাংশ ভোট গোনা হয়েছে। এতে ক্ষমতাসীন একেপি ৪১ শতাংশ ভোট পেয়েছে। গতবারের নির্বাচনের তুলনায় তা প্রায় ১০ শতাংশ কম।
দেশটিতে বিদ্যমান ব্যবস্থায় এরদোয়ানের একেপিকে এখন জোট গঠন করতে হবে। ২০০২ সালে ক্ষমতায় আসার পর এবারই প্রথম দলটি এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
এবারের নির্বাচনে কুর্দিপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) ফল দেশটির রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। দলটি ১৩ শতাংশ ভোট পেয়েছে। ৫৫০ আসনের পার্লামেন্টে এইচডিপি ৭৯টি আসন পেতে পারে। এর মধ্য দিয়ে তারা প্রথমবারের মতো পার্লামেন্টে যেতে পারবে।গতকালের নির্বাচনে মোট ৮৬ শতাংশ ভোট পড়েছে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, একেপি ২৫৮ আসন, রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ১৩২ আসন, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি (এমএইচপি) ৮১ আসন পেতে পারে।

বিশ্লেষকেরা ধারণা করছেন, এমএইচপির সঙ্গে জোট করতে পারে একেপি।

তুরস্কের অর্থনীতির সার্বিক পরিস্থিতি সন্তোষজনক নয়। এরদোয়ানের শাসনের কর্তৃত্ববাদী প্রবণতা নিয়েও জনমনে উদ্বেগ আছে। তাই আগে থেকে ধারণা করা হচ্ছিল, এরদোয়ানের দল ২০১১ সালের নির্বাচনের তুলনায় এবার কম ভোট পাবে।

প্রধানমন্ত্রী পদে ১১ বছর দায়িত্ব পালনের পর ২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন এরদোয়ান। এবারের নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় নিয়ে একেপির সংখ্যাগরিষ্ঠতা আশা করছিলেন তিনি। একটি নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে তুরস্কের সংসদীয় সরকারব্যবস্থা পাল্টে প্রেসিডেন্টের একচ্ছত্র শাসন চালু করার পরিকল্পনা করছিলেন এরদোয়ান।