তুরস্কে ২৫ মিডিয়া ব্যক্তিত্ব গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পুলিশ গতকাল রোববার দেশটির সবচেয়ে বেশি প্রচারিত সংবাদপত্রের সম্পাদকসহ অন্তত ২৫ জন মিডিয়া ব্যক্তিত্বকে গ্রেপ্তার করেছে। দৃশ্যত প্রেসিডেন্ট রিসেফ তাইয়েপ এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ফেতুল্লা গুলেনের সমর্থক হিসেবে চিহ্নিত করে তাঁদের ওপর এ ধরপাকড় চালানো হয়। খবর রয়টার্সের।
দেশের বিভিন্ন স্থানে চালানো অভিযানে অন্তত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আছেন সবচেয়ে বেশি প্রচারসংখ্যার দৈনিক জামান-এর সম্পাদক একরেম দুমানলি।
ইসলামপন্থী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুক্তরাষ্ট্রে বসবাসকারী ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের সমর্থকদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দেওয়ার দুই দিন পরই এই ধরপাকড় করা হলো।
টেলিভিশনে প্রচারিত বক্তব্যে দেখা যায়, জামান সম্পাদক তাঁর কার্যালয়ে পুলিশি অভিযানের সময় চিৎকার করে বলতে থাকেন, মুক্ত সংবাদপত্রের মুখ কখনো বন্ধ করা যাবে না।
এরদোয়ানের অভিযোগ, ফেতুল্লা গুলেন ও তাঁর সমর্থকেরাই এক বছর আগে তাঁর ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে এক দুর্নীতির অভিযোগ তদন্তের সূচনা করতে বাধ্য করেন।