ইরাকে ঢুকে পড়েছে তুর্কি বাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুর্দি মিলিশিয়াদের দমন করতে গতকাল মঙ্গলবার সীমান্ত অতিক্রম করে ইরাকে ঢুকে পড়েছে তুরস্কের বাহিনী। এর আগে গতকাল তুরস্কের পূর্বাঞ্চলে বোমা হামলায় অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হন। নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) ওই হামলার জন্য দায়ী করে তুর্কি সরকার বলেছে, সংগঠনটিকে নির্মূল করা হবে। খবর এএফপির।

তুরস্ক সরকারের এক মুখপাত্র বলেন, ইরাকের উত্তরাঞ্চলে পিকেকের অবস্থানের ওপর বিমান হামলা চালানো হয়েছে এবং সেনাবাহিনী সীমান্ত অতিক্রম করে ইরাকে ঢুকেছে। সন্ত্রাসীদের শায়েস্তা করতে এটি সাময়িক পদক্ষেপ।

গতকাল ভোরে অন্তত ৫০টি তুর্কি যুদ্ধবিমান ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে নেতা-কর্মীদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে অন্তত ৪০ জন বিদ্রোহী নিহত হয়। তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে কুর্দি-অধ্যুষিত এলাকায় গত রোববার ১৬ জন তুর্কি সেনা নিহত হওয়ার পর গতকাল বোমা হামলায় নিহত হন ১২ জন পুলিশ সদস্য। সেনাসদস্যদের হত্যার ঘটনার পর তুর্কি সরকার পিকেকে বিদ্রোহীদের দমনের নতুন অঙ্গীকার করে।