তুরস্কে ঐতিহাসিক গণভোটে এরদোয়ানের পক্ষে রায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দেওয়ার পর প্রেসিডেন্ট  এরদোয়ান
ভোট দেওয়ার পর প্রেসিডেন্ট এরদোয়ান

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতা আরও বাড়ানো হবে কি না——এ প্রশ্নে গতকাল রোববার তুরস্কে অনুষ্ঠিত গণভোটে জয়ী হয়েছেন এরদোয়ান। শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ব্যালটের ৯৯ শতাংশ গণনা সম্পন্ন হয়। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৫১ দশমিক ৩ শতাংশ।

এরই মধ্যে প্রেসিডেন্ট এরদোয়ান গণভোটের ফলাফলকে ‘স্পষ্ট’ অভিহিত করে দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইয়িলদিরিম ও জাতীয়তাবাদী বিরোধী দলকে অভিনন্দন জানিয়েছেন। এ ফলাফলের জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

তবে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) প্রায় ৬০ শতাংশ ভোটের পুনর্গণনা দাবি করবে বলে জানিয়েছে। যেসব ব্যালটে সিল পড়েনি, সেগুলোকেও বৈধ হিসেবে গ্রহণ করার সমালোচনা করেছে দলটি। সিএইচপির ডেপুটি চেয়ারম্যান এরদাল আকসুংগার বলেন, গণভোটে সরকারের পক্ষে নানা ধরনের ‘অবৈধ’ কর্মকাণ্ড চালানো হয়েছে।

ভোট চলাকালে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রদেশ দিয়ারবাকিরে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কীভাবে ভোট দেওয়া হবে—তা নিয়ে দ্বন্দ্বের জেরে হওয়া সংঘর্ষে ওই তিন ব্যক্তি নিহত হন বলে প্রাথমিক খবরে জানা গেছে।

হ্যাঁ-এর পক্ষে ভোট প্রত্যাশার তুলনায় কম পড়েছে বলে মন্তব্য করেছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী ভেইসি কেয়নাক। তবে না ভোটের চেয়ে এগিয়ে থাকায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

তুরস্কের পূর্বাঞ্চলে গতকাল স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়। আঙ্কারা, ইস্তাম্বুল ও অন্যান্য শহরে ভোট গ্রহণ শুরু হয় তার এক ঘণ্টা পর। দেশটিতে মোট ভোটার ৫ কোটি ৫৩ লাখ। 

বিশ্লেষকেরা বলছেন, গণভোটে ‘হ্যাঁ’ জিতলে আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক ও তাঁর উত্তরসূরি ইসমেত ইনুনের পর থেকে যেকোনো তুর্কি নেতার চেয়ে বেশি ক্ষমতাধর হবেন এরদোয়ান। প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত হবে এবং ভাইস প্রেসিডেন্টের পদ সৃষ্টি হবে। প্রেসিডেন্ট এরদোয়ানের অধীনে চলে যাবে গোটা আমলাতন্ত্র।

২০১৯ সালের নভেম্বরের নির্বাচনের পর কার্যকর হবে নতুন ব্যবস্থা। তখন প্রেসিডেন্ট এরদোয়ান পাঁচ বছরের আরও দুই মেয়াদে নির্বাচিত হতে পারবেন। অর্থাৎ, এখন থেকে আগামী ১২ বছর এরদোয়ানের পক্ষে প্রেসিডেন্ট থাকা সম্ভব হবে।