তুরস্কের উপকূলে নৌকাডুবি, ৩৯ শরণার্থীর মৃত্যু
তুরস্ক থেকে ইউরোপে যাওয়ার পথে ইজিয়ান সাগরে নৌকা ডুবে গতকাল শনিবার বেশ কয়েকটি শিশুসহ কমপক্ষে ৩৯ শরণার্থীর মৃত্যু হয়েছে। তুর্কি কোস্টগার্ড অন্তত ৬০ জনকে উদ্ধার করেছে। আরও লাশের খোঁজে তল্লাশি চলছে। উদ্ধারকর্মীরা বলছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। খবর বিবিসির।
১৭ মিটার লম্বা নৌকাটি অন্তত ১২০ জন যাত্রী নিয়ে গ্রিসের লেসবস দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিল। কিন্তু তুর্কি উপকূল ছাড়ার পরপরই এটি পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায়। তুরস্কের চানাক্কেলে প্রদেশের ডেপুটি গভর্নর সায়েম ইসকিউগলু এ কথা জানিয়েছেন। শরণার্থী পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একজন তুর্কি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। নিমজ্জিত নৌকাটির শরণার্থীরা ছিল মূলত আফগানিস্তান, সিরিয়া ও মিয়ানমারের নাগরিক।
গ্রিসের একটি দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় ২৬ শরণার্থীর মৃত্যুর এক দিন পর তুর্কি উপকূলে নৌকাডুবি হলো। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসাব অনুযায়ী, চলতি বছরের গত শুক্রবার পর্যন্ত ২৪৪ জন শরণার্থী ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা গেছেন।