তুরস্কের উপকূলে নৌকাডুবিতে ছয় শরণার্থী শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের উপকূলে আজ শুক্রবার শরণার্থীবাহী পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। গ্রিসের উদ্দেশে পাড়ি দেওয়া নৌকা দুটি প্রতিকূল আবহাওয়ার কারণে ডুবে গেলে এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাতোলিয়ার বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, ৫৫ জন সিরীয় এবং আফগান শরণার্থী নিয়ে একটি নৌকা তুরস্কের অ্যাভাজি শহর থেকে গ্রিসের লেসবস দ্বীপে যাওয়ার উদ্দেশে যাত্রা করে। নৌকাটি পথিমধ্যে তুর্কি উপকূলেই ইজিয়ান সাগরে প্রবল বাতাস ও ঢেউয়ের মুখে পড়ে। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। এতে আরোহী চার শিশু পানিতে ডুবে মারা যায়।
তুর্কি উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, আফগান চারটি শরণার্থী শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আনাতোলিয়ার বরাত দিয়ে এএফপি আরও জানায়, শুক্রবারই গ্রিসের কস দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া শরণার্থীবাহী আরেকটি নৌযান ডুবিতে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। নৌযানটি তুরস্কের অবকাশযাপন কেন্দ্র বদরমের অদূরে প্রতিকূল আবহাওয়ার কবলে পড়লে এ দুর্ঘটনা ঘটে।