তুরস্কের উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু
তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে গত শুক্রবার অভিবাসীবোঝাই এক নৌকাডুবির ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। ইউরোপে অভিবাসনপ্রত্যাশী ইরাক, পাকিস্তান ও সিরিয়ার নাগরিকদের নিয়ে তুরস্ক থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা করেছিল কাঠের নৌকাটি। খবর রয়টার্সের।
তুরস্কের উপকূল থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে গিয়েই নৌকাটি ডুবে যায়। অভিবাসীদের আর্তচিৎকার শুনে সাহায্যে এগিয়ে যায় তুর্কি উপকূলরক্ষীরা। জেলেরা শরণার্থীদের আর্তচিৎকার শুনে উপকূলরক্ষীদের সতর্ক করে দিয়েছিল। তারা কমপক্ষে ১৪ জনকে উদ্ধার করে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
সম্প্রতি দারিদ্র্য ও যুদ্ধপীড়িত এশীয় দেশগুলো থেকে বিপৎসংকুল নৌপথে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এভাবে অনেক মৃত্যুর ঘটনা ঘটছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাবে, চলতি বছর শুধু পূর্ব ভূমধ্যসাগরের নৌপথে প্রায় ছয় শ মানুষের প্রাণহানি ঘটে। ইউরোপে এভাবে অবৈধ অভিবাসনপ্রবাহ ঠেকানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে গত ২৯ নভেম্বর চুক্তিবদ্ধ হয়েছে তুরস্ক।
আবহাওয়া প্রতিকূল ও সাগর উত্তাল হওয়া সত্ত্বেও শরণার্থীদের ঢল চলছে। তবে এর গতি কিছুটা কমেছে।