তুরস্কের উপকূলে নৌকা ডুবে ১৩ অভিবাসীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের উপকূলে অভিবাসীদের বহনকারী নৌকার সঙ্গে একটি ফেরির সংঘর্ষে চারটি শিশুসহ অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। ৪৬ অভিবাসীকে নিয়ে নৌকাটি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কানাক্কালে বন্দর থেকে গ্রিসের লেসবস দ্বীপে যাচ্ছিল। তুরস্কের বেসরকারি বার্তা সংস্থা দোগান গতকাল রোববার এ খবর প্রকাশ করে। খবর এএফপি, গার্ডিয়ান ও বিবিসির।
গ্রিসের উপকূলরক্ষী বাহিনী বলেছে, সংঘর্ষে অভিবাসীদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নৌকা থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে।
বেঁচে যাওয়া হাসিন নামের এক ব্যক্তি গ্রিসের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনএকে বলেন, নৌকাটির সঙ্গে একটি জাহাজের সংঘর্ষ হয়েছিল। তিনি বলেন, ‘তখন ছিল সন্ধ্যা। খেয়াল করলাম, একটি জাহাজ আমাদের নৌকার দিকে আসছে। জাহাজটি থামাতে চেষ্টা করি বিভিন্নভাবে। কিন্তু জাহাজের নাবিক আমাদের কোনো ইশারাই হয়তো শুনতে বা দেখতে পায়নি। এ সময় প্রাণে বাঁচতে অনেকেই পানিতে লাফ দেয়।’
হাসিন বলেন, ‘অন্ধকার থাকায় ছোট শিশুদের আমরা দেখতে পাইনি। তাই তাদের হারিয়ে ফেলি।’
সীমান্ত খুলেছে হাঙ্গেরি: সার্বিয়ার সঙ্গে ‘হোরগোস-রসজকে ১’ নামে প্রধান সীমান্তপথ আবার খুলে দিয়েছে হাঙ্গেরি। এ সীমান্ত বন্ধ করে দেওয়ার ফলে শরণার্থীরা ক্রোয়েশিয়ায় ঢুকে পড়তে বাধ্য হয়। পরিণতিতে তাদের জীবনে দুর্ভোগ নেমে আসে। হাঙ্গেরি ও সার্বিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীরা গতকাল যৌথভাবে এ সীমান্ত খুলে দেন। গত সোমবার থেকে এটি বন্ধ ছিল।
এক দিনে ১০ হাজার: সীমান্ত বন্ধ করে দেওয়া হাঙ্গেরি থেকে ১০ হাজারের বেশি শরণার্থী গতকাল রোববার অস্ট্রিয়ায় ঢুকেছে। এ সংখ্যা আগের দিন অস্ট্রিয়ায় পৌঁছানো শরণার্থীর চেয়ে কিছু বেশি। দেশছাড়া এসব মানুষকে আশ্রয় দেওয়ার বিষয়ে ইইউ দেশগুলোর বিবাদ মিটছে না। এ পরিস্থিতিতে জাতিসংঘ বলেছে, শরণার্থীদের প্রতি ইইউভুক্ত কিছু দেশের আচরণ এ জোটের ঐক্যকে সংকটের মুখে ফেলেছে।
শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় ক্রোয়েশিয়া তাদের হাঙ্গেরি সীমান্তে এনে রাখছে। এরপর হাঙ্গেরি আবার তাদের বাসে করে অস্ট্রিয়ার পূর্ব সীমান্তের অভ্যর্থনা কেন্দ্রের কাছে পাঠাচ্ছে। হাঙ্গেরি ও ক্রোয়েশিয়া উভয়েই শরণার্থীদের জন্য তাদের সীমান্ত কার্যত পুরো বন্ধ করে দিয়েছে।
পুলিশ বলেছে, শনিবার মধ্যরাতের পর থেকে গতকাল দুপুর পর্যন্ত এভাবে অস্ট্রিয়ায় পৌঁছেছে ১০ হাজার ৭০০ শরণার্থী। আগের দিন পৌঁছেছিল ১০ হাজার ৫০০। তবে অস্ট্রিয়ান রেডক্রস বলেছে, গত শনিবার ১৩ হাজার শরণার্থী দেশটিতে ঢুকেছে।