তুরস্কের জামান পত্রিকার সরকারপন্থী চেহারা!
তুরস্কের সরকার দেশটির শীর্ষ প্রচারসংখ্যার পত্রিকা জামান-এর নিয়ন্ত্রণ নেওয়ার পর গতকাল রোববার এর একটি সরকারপন্থী সংস্করণ বের হয়েছে। নতুন ব্যবস্থাপনায় পত্রিকাটির প্রথম পাতায় সরকারের একটি বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পের প্রশংসা করা হয়েছে। অন্যদিকে, পত্রিকাটির সাবেক কর্মীরা একই দিন একটি নতুন পত্রিকা প্রকাশ করে জামান-সমর্থকদের ওপর শনিবারের পুলিশের রক্তক্ষয়ী অভিযানের খবর ও ছবি ছেপেছে। খবর বিবিসির।
সরকারি আইনজীবীর আবেদনের পর আদালত শুক্রবার জামান পত্রিকায় প্রশাসক নিয়োগের নির্দেশ দিলে সরকার তা কার্যকর করে। সেদিনই মধ্যরাতে ইস্তাম্বুলের প্রধান কার্যালয়ে পুলিশ পাঠিয়ে সরকার পত্রিকাটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় বিক্ষোভ ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। প্রধান সম্পাদকসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মীকে বরখাস্ত করা হয়। আদালত এর নির্দেশের কারণ উল্লেখ করেননি। তবে জামান পত্রিকার সঙ্গে প্রেসিডেন্ট এরদোয়ানের সমালোচক যুক্তরাষ্ট্রপ্রবাসী ধর্মীয় ব্যক্তিত্ব ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ফেতুল্লার সঙ্গে সন্ত্রাসের যোগসূত্র আছে বলে সরকারের অভিযোগ।
গতকাল রোববার প্রকাশিত জামান পত্রিকায় ভাষা ছিল সরকারপন্থী। এর প্রথম পৃষ্ঠায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছবি দিয়ে তাঁর বসফরাস প্রণালির ওপর তৃতীয় সেতুর শেষ অংশের কাজ উদ্বোধন করার পরিকল্পনার কথা জানানো হয়। এর শিরোনাম দেওয়া হয়, ‘সেতু নিয়ে ঐতিহাসিক উত্তেজনা’। অথচ এর আগে পুলিশি অভিযানের মধ্যে গত শনিবার প্রকাশিত সংস্করণে দিনটিকে তুরস্কের গণমাধ্যমের ইতিহাসে অন্যতম ‘কালো দিন’ বলা হয়।
সরকারের এ উদ্যোগে তুরস্কে প্রচারমাধ্যমের স্বাধীনতা ক্রমেই কমে আসা নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক মহল এ ঘটনার নিন্দা করেছে।
সরকারি হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভোতোগলু গতকাল বলেন, পত্রিকাটি প্রশাসকের হাতে অর্পণের উদ্যোগ ‘বৈধ, এটি রাজনৈতিক নয়।’
এদিকে জামান পত্রিকাটির সাবেক কর্মীরা গতকাল রাতারাতি ইয়ারিনা বাকিস নামে একটি নতুন পত্রিকা প্রকাশ করেন। এর প্রথম পাতায় জামান কার্যালয়ের সামনে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের ছবি দিয়ে লেখা হয়, ‘জলকামান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট যথেষ্ট নয়। তাঁকে বের করে দাও।’ পত্রিকাটির খবরে বলা হয়, বিক্ষোভকারী এক সাংবাদিককে সরিয়ে নেওয়ার তাগিদ দিয়ে ‘তাঁকে বের করে দাও’ কথাটি বলেন একজন পুলিশ কর্মী।