তুরস্কের তিনটি আদালতে পুলিশের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের পুলিশ গেল মাসের ব্যর্থ সেনা অভ্যুত্থানে জড়িত সন্দেহভাজন ১৭০ জনের খোঁজে গতকাল সোমবার তিনটি আদালতে তল্লাশি চালিয়েছে। স্থানীয় দোগান বার্তা সংস্থার খবরে এ কথা বলা হয়।
গতকাল তুর্কি পুলিশ ইস্তাম্বুলের প্রধান কাগলিয়ান আদালতে অভিযান চালায়। এরপর তারা গাজিওসাম্পাসা ও বিকিরকোইয়ের আদালতে গিয়েও তল্লাশি শুরু করে। এসব আদালতের ১৭৩ জন বিচারিক কর্মকর্তার বিরুদ্ধে অভ্যুত্থানে জড়িত হিসেবে সমন নিয়ে যায় পুলিশ। এসব অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রপ্রবাসী তুরস্কের ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের অনুসারী বলে জানা যায়। তুরস্ক সরকার অভ্যুত্থানের মূল পরিকল্পনাকারী হিসেবে গুলেনকেই অভিযুক্ত করে আসছে। গতকালের অভিযানে কতজনকে আটক করা গেছে, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
তুরস্ক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, অভ্যুত্থানের পর ৩৫ হাজার মানুষকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে ১১ হাজার ৫৯৭ জনকে ছেড়ে দেওয়া হয় পরে। গত রোববার তুরস্কের পূর্বাঞ্চলীয় অঞ্চল এরজুরামের সাবেক প্রধান সরকারি কৌঁসুলি ইকরাম বেইয়াজতাজকে গ্রেপ্তার করা হয়। তিনি সিরিয়ায় পালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
এদিকে তুরস্কের সরকারবিরোধী প্রধান পত্রিকা বলে পরিচিত দৈনিক কামহুরিয়াত-এর প্রধান সম্পাদক কান দুন্দার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যর্থ অভ্যুত্থানের পর চলমান অবস্থায় দেশের প্রচলিত বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারানোর ফলেই তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছেন।
গত মে মাসে তুরস্কের একটি আদালত রাষ্ট্রীয় গোপন তথ্য প্রকাশ করার দায়ে দুন্দারের ৫ বছর ১০ মাস কারাদণ্ড দেন। পত্রিকায় ছাপানো প্রতিবেদন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে বেশ ক্ষুব্ধ করে। তাঁর সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন দুন্দার। তিনি এখন জার্মানিতে আছেন। তবে তিনি বলেন, তিনি আত্মসমর্পণ করবেন না। এখন দেশে জরুরি অবস্থা চলায় তিনি ন্যায়বিচার পাবেন না বলেই আশঙ্কা করেন। তিনি আরও বলেন, সর্বত্রই বিচারহীনতা চলছে। দেশের বিদ্যমান অবস্থায় বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা চলছে। তিনি বলেন, এ অবস্থায় বিচার বিভাগকে বিশ্বাস করার অর্থ হলো গিলোটিনে মাথা দেওয়া।
গত বছরের ফেব্রুয়ারিতে পত্রিকার প্রধান সম্পাদক হন দুন্দার। তিনি দেশের খ্যাতিমান লেখক এবং তথ্যচিত্র নির্মাতা। প্রধান সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেও পত্রিকাটিতে তিনি নিয়মিত কলাম লিখবেন বলে জানান।