তুরস্কের দমনাভিযান অগ্রহণযোগ্য: ইইউ
তুরস্কে অভ্যুত্থানচেষ্টার পর গণধরপাকড় ও গণবরখাস্তের বিষয়টিকে ‘অগ্রহণযোগ্য’ বলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তুরস্কের প্রতি ‘আইনের শাসন, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা’র বিষয়ে শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে প্রভাবশালী এই জোট।
ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান ফেদেরিকা মগেরিনি এবং সম্প্রসারণবিষয়ক কমিশনার জোহানেস হান এক বিবৃতিতে ওই মনোভাব প্রকাশ করেছেন। তাঁরা বলেছেন, সাম্প্রতিক ধরপাকড় ও বরখাস্তের ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। তাঁরা দেশটির পরিস্থিতি ‘উদ্বেগের সঙ্গে’ পর্যবেক্ষণ করছেন।
সামরিক অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার জের ধরে তুরস্ক সে দেশের সেনা, বিচারক, শিক্ষা ও গণমাধ্যমকর্মীসহ ৫০ হাজারের বেশি লোককে গ্রেপ্তার ও বরখাস্ত করেছে। ধরপাকড় জোরদার করতে বুধবার রাতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দেশজুড়ে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেন।
একই সঙ্গে তুরস্ক সরকার মানবাধিকারবিষয়ক ইউরোপীয় কনভেনশনের কিছু অংশ স্থগিত করেছে। আশঙ্কা করা হচ্ছে, মৃত্যুদণ্ড পুনর্বহাল করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে।
এদিকে তুরস্কে মৃত্যুদণ্ড পুনর্বহালের বিষয়ে ইইউর বিরোধিতা প্রসঙ্গে দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ বলেছেন, তাঁর দেশ মৃত্যুদণ্ড পুনর্বহাল করবে কি করবে না, তা তাঁর দেশের অভ্যন্তরীণ আইনের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হবে; এ ক্ষেত্রে ইইউর চাওয়া না-চাওয়া বিবেচনায় নেওয়া হবে না।