তুরস্কের সৈকতে সিরীয় শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের বসফরাস প্রণালিতে চার বছর বয়সী একটি সিরীয় শিশুর মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিশুটি দুই সপ্তাহ আগে নিখোঁজ হয়। গত মঙ্গলবার উদ্ধারকর্মীরা তার লাশ উদ্ধার করে। খবর এএফপির।
ইস্তাম্বুল শহরের ইউরোপীয় অংশ ওরতাকয় অঞ্চলের সৈকতে শিশুটির মৃতদেহ ভেসে আসে। বার্তা সংস্থা দোগানের খবরে বলা হয়েছে, পুলিশের তদন্তকারীরা জানিয়েছেন, ওই শিশুটির নাম মতিন ফয়সাল। সিরিয়ার যুদ্ধপরিস্থিতি থেকে বাঁচতে দুই বছর আগে পরিবারের সঙ্গে সে তুরস্কে আসে।
দোগানের খবরে আরও বলা হয়, শিশুটির মা শিরিন পোশাক দেখে তাকে শনাক্ত করেন। তার মৃত্যুর কারণ পরিষ্কার নয়। এ ব্যাপারে তদন্ত চলছে।
গত ১৬ ডিসেম্বর মতিনের পরিবার তার নিখোঁজ হওয়ার খবর জানায়। জনপ্রিয় পর্যটন এলাকা ইস্তাম্বুলের এমিননু থেকে শিশুটি হারিয়ে যায় বলে তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ‘উন্মুক্ত দ্বার’ নীতির আওতায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সিরিয়ার প্রায় ২০ লাখ শরণার্থী গ্রহণ করেছে তুরস্ক। গত সেপ্টেম্বরে তুরস্ক থেকেই নৌকায় সাগর পাড়ি দিতে গিয়ে মা ও ভাইসহ মারা যায় তিন বছর বয়সী সিরীয় শিশু আয়লান। সৈকতে নিথর পড়ে থাকা তার মরদেহের ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়লে সেটি শরণার্থী সংকটের হৃদয়বিদারক প্রতীকে পরিণত হয়।