তুরস্ক-জার্মানি বাগ্যুদ্ধ আরও তিক্ত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের আসন্ন গণভোটের বিষয়ে জার্মানিপ্রবাসী তুর্কিদের মধ্যে প্রচারণা চালানো নিয়ে জার্মানি ও তুরস্কের মধ্যে তিক্ততার সৃষ্টি হয়েছে। জার্মানির কর্তৃপক্ষ এ বিষয়ে অনুমতি দিতে নারাজ হওয়ায় দুই দেশের মধ্যে চলছে বাগ্যুদ্ধ।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতা আরও সংহত করতে সংবিধান সংশোধন করতে চান। আসন্ন গণভোটে এ বিষয়ে জার্মানিতে বসবাসকারী ১৪ লাখ তুর্কির সমর্থন চায় তাঁর দল। এ জন্য তারা জার্মানিতে প্রচার চালাতে চাইছে। কিন্তু দেশটির সরকার এতে রাজি নয়। এর মধ্যে অবশ্য কয়েকটি সভা হয়েছে। একাধিক সভা বাতিলও হয়েছে।
এ নিয়ে তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছে যে, গত শুক্রবার এরদোয়ান জার্মানিকে ‘সন্ত্রাসের লালনক্ষেত্র’ আখ্যা দিয়েছেন। জবাবে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর দেশের প্রতি তুরস্কের সরকারের ‘অযাচিত আচরণের’ নিন্দা করেছেন।
তুরস্কের সংবিধানে একাধিক পরিবর্তন আনা ও প্রেসিডেন্ট এরদোয়ানের ক্ষমতা আরও সুসংহত করতে সংবিধান সংশোধনীর একটি প্রস্তাবের ওপর আগামী এপ্রিলে গণভোট হবে। এ নিয়ে প্রবাসী তুর্কিদের সমর্থন পাওয়ার প্রত্যাশায় দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম জার্মানির ওবারহাউজেনে একটি নির্বাচনী সভা করেন। তবে গত বৃহস্পতিবার গাগেনাউ শহরে তুরস্কের আইনমন্ত্রী বেকির বোজডাগেসের ওই ধরনের নির্বাচনী সভা করার কথা থাকলেও স্থানীয় প্রশাসন তা বাতিল করে দেয়। তুরস্কের পরিকল্পনামন্ত্রী জেবেকসির উপস্থিতিতে কোলন শহরে অনুষ্ঠেয় আরেকটি সভার অনুমতিও বাতিল করা হয়।