তুর্কমেনিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে বর্তমান প্রেসিডেন্টের ছেলে
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ তুর্কমেনিস্তানে প্রেসিডেন্ট পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুথফেরত জরিপে বিদায়ী প্রেসিডেন্ট গুরবানগুলি বেরদিমুখামেদভের ছেলে নির্বাচনে এগিয়ে রয়েছেন। খবর আল-জাজিরার।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে বেরদিমুখামেদভের ছেলে সরদার বেরদিমুখামেদভসহ (৪০) ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০০৬ সালে তুর্কমেনিস্তানের প্রতিষ্ঠাকালীন প্রেসিডেন্ট মারা যান। এরপর গুরবানগুলি বেরদিমুখামেদভ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তাঁর বিরুদ্ধে বিরোধী দল এবং সাধারণ মানুষকে দমনপীড়নের অভিযোগ রয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে এই ভোট গ্রহণ চলে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক এবং আধুনিক তুর্কমেন সমাজ প্রতিষ্ঠিত হবে। গত মাসে ক্ষমতা থেকে সরে গিয়ে তরুণ নেতৃত্ব নিয়ে আসার ইঙ্গিত দিয়েছিলেন গুরবানগুলি বেরদিমুখামেদভ।
প্রেসিডেন্ট পদে লড়ার আগে সরদার বেরদিমুখামেদভের সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। ২০১৬ সালের পার্লামেন্ট নির্বাচনের আগপর্যন্ত তাঁকে নিয়ে জনগণের তেমন একটা আগ্রহ ছিল না। পার্লামেন্ট নির্বাচনের পর সরদার বেরদিমুখামেদভকে উপপররাষ্ট্রমন্ত্রী করা হয়। এ ছাড়া একটি প্রদেশের প্রধান এবং শিল্পমন্ত্রী পদেও দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ গত বছর এক লাফে তিন ধাপ পদোন্নতি হয় সরদার বেরদিমুখামেদভের। পদোন্নতি পেয়ে তিনি ডেপুটি কেবিনেট চেয়ার, মহাহিসাব নিরীক্ষক এবং নিরাপত্তা কাউন্সিলের সদস্য পদে দায়িত্ব পালন করেছেন।
দেশটির এক সরকারি কর্মকর্তা সেলবি নেপেসোভা বলেন, নির্বাচনে যেসব প্রার্থী প্রেসিডেন্ট পদে লড়ছেন, তাঁদের মধ্যে সরদার বেরদিমুখামেদভ সর্বকনিষ্ঠ। তিনি বয়সের তুলনায় অন্য প্রার্থীদের থেকে বেশি যোগ্য। এর কারণ, সরদার বেরদিমুখামেদভের কর্মজীবনই প্রমাণ করে তিনি সবচেয়ে অভিজ্ঞ। আর অন্য সব প্রার্থী রাষ্ট্রীয় নিম্ন পদে কাজ করতেন।