তুর্কি নৌযানে রাশিয়ার গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া বলেছে, তাদের একটি যুদ্ধজাহাজ গতকাল রোববার ইজিয়ান সাগরে তুরস্কের একটি মাছ ধরা নৌযানকে সতর্ক করে দিতে গুলি ছুড়েছে। দুটি নৌযানের মধ্যে সংঘর্ষ এড়াতেই তা করা হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
গত মাসে তুর্কি গোলায় রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে অব্যাহত উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তুর্কি নৌযানটি রুশ জাহাজের ৬০০ মিটারের মধ্যে এসে পড়ার পর হালকা অস্ত্রের গুলি ছোড়া হয়। তখন তুরস্কের নৌযানটি সরে যায়। মস্কোতে নিযুক্ত তুরস্কের সামরিক অ্যাটাশেকে এ ঘটনার ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রুশ ডেস্ট্রয়ার স্মেৎলিভির কর্মীদের বারবার সতর্কতার পরও তুর্কি নৌযানের কর্মীরা বেতার যোগাযোগ করেনি বা ফ্লেয়ার দিয়ে সতর্কতাসংকেত দেওয়ার পরও তার জবাব দেয়নি। এতে আরও বলা হয়, দুই নৌযানের মধ্যে সংঘর্ষ এড়াতে প্রাণঘাতী হবে না এমন পাল্লা থেকে হালকা আগ্নেয়াস্ত্রের গুলি ছোড়া হয়।