রুশ যুদ্ধবিমানের পাইলটকে দেওয়া ‘সতর্কবার্তার’ অডিও প্রকাশ করল তুরস্ক
তুরস্কের ওপর অবরোধ আরোপ করছে রাশিয়া
যুদ্ধবিমান ভূপাতিত করার জেরে তুরস্কের সঙ্গে চলা উত্তেজনার মধ্যে রাশিয়া দেশটির ওপর ব্যাপকভাবে অর্থনৈতিক অবরোধ আরোপের প্রস্তুতি নিতে শুরু করেছে।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, এ ব্যাপারে কয়েক দিনের মধ্যেই খসড়া তৈরি করা হবে। এই পদক্ষেপ দুই দেশের যৌথ বিনিয়োগকেও আঘাত করতে পারে। মস্কোতে রুশ মন্ত্রিসভার এক বৈঠকে মেদভেদেভ বলেন, ‘তুরস্কের এই আগ্রাসনমূলক কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় সরকার দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করতে একটি পদ্ধতি তৈরির ব্যাপারে কাজ করার নির্দেশ দিয়েছে।’
মেদভেদেভ বলেন, রাশিয়ার ভেতরে তুরস্কের অর্থনৈতিক কর্মকাণ্ড যেমন খাদ্যসহ বিভিন্ন পণ্যের জাহাজিকরণ ও দেশটির কোম্পানিগুলোর কাজ ও সেবা নিষিদ্ধ করার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই নিষেধাজ্ঞা তুরস্কের বিনিয়োগ কর্মসূচিগুলোতেও আরোপ করা হতে পারে।
দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। রাশিয়া তুরস্কের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। পাশাপাশি বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রুশ পর্যটক তুরস্কে যায়।
এদিকে রাশিয়ার যুদ্ধবিমান ভূপাতিত করার আগে এর পাইলটকে পাঠানো কথিত সতর্কবার্তার একটি অডিও রেকর্ডিং প্রকাশ করেছে তুর্কি সশস্ত্র বাহিনী। এতে এক ব্যক্তিকে ইংরেজিতে বলতে শোনা যায়, ‘অবিলম্বে দক্ষিণ দিকে আপনার গতিপথ পাল্টে ফেলুন।’ এ ঘটনায় বেঁচে যাওয়া পাইলট এর আগে দাবি করেন, কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
মঙ্গলবারের এ ঘটনার প্রতিক্রিয়ায় রাশিয়া ও তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারেও সতর্কতা উচ্চারণ করেছিলেন কোনো কোনো রুশ কর্মকর্তা। ন্যাটো সদস্য তুরস্কের সঙ্গে রাশিয়ার এ সংঘাত কিছুটা হলেও স্নায়ুযুদ্ধকালীন উত্তেজনা ফিরিয়ে আনার পরিস্থিতি সৃষ্টি করে।
তুর্কি বিমানবাহিনী বলেছে, এফ-১৬ যুদ্ধবিমান থেকে গোলা নিক্ষেপ করার আগে রুশ বিমানটিকে তারা ১০ বার সতর্ক করেছিল। জীবিত উদ্ধার হওয়া পাইলট ক্যাপ্টেন কনস্তানতিন মুরাখতিন গত বুধবার বলেন, বিমানটি এক সেকেন্ডের জন্যও তুরস্কের আকাশে প্রবেশ করেনি।
যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকার খবরে বলা হয়, জ্বলন্ত যুদ্ধবিমান থেকে প্যারাস্যুটে করে নিচে নামার সময় দুই পাইলটের একজন বিদ্রোহীদের গুলিতে নিহত হন। তবে আরেকজনকে উদ্ধার করা সম্ভব হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিহত পাইলটকে রাশিয়ার সর্বোচ্চ সামরিক পুরস্কার ‘দ্য হিরো অব রাশিয়া’য় ভূষিত করা হবে। এ ছাড়া বেঁচে যাওয়া পাইলট ও নিহত মেরিন সেনাকে ভূষিত করা হবে ‘দ্য অর্ডার অব কারেজ’ পুরস্কারে।