তুর্কি 'গণহত্যার' শতবর্ষ পালন করল আর্মেনিয়া
আর্মেনীয়দের বিরুদ্ধে সাবেক অটোমান তুর্কি বাহিনীর ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করার শততম বার্ষিকী গতকাল শুক্রবার পালন করা হয়েছে। ১৯১৫ সাল থেকে ১৯১৭ সাল পর্যন্ত ওই হত্যাযজ্ঞে প্রায় ১৫ লাখ মানুষ নিহত হয় বলে অনেকের দাবি। তবে তুরস্ক ওই হত্যাকাণ্ডকে কখনোই গণহত্যা হিসেবে স্বীকৃতি দিতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। খবর এএফপি ও বিবিসির।
আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট সের্জ সারকিসিয়ান ও ফার্স্ট লেডি রিতা সারকিসিয়ান। বিদেশি নেতাদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ওই হত্যাকাণ্ডের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে আর্মেনিয়া সফরে যান। আর্মেনিয়ায় সংঘটিত গণহত্যার স্বীকৃতি দেওয়া উচিত বলে গতকাল মন্তব্য করেছেন ওলাঁদ। আর পুতিন বলেছেন, এ ধরনের নির্মম ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা নিশ্চিত করতে হবে।
ন্যাটো সদস্য ও পাশ্চাত্যের ঘনিষ্ঠ মিত্র তুরস্ককে অসন্তুষ্ট করতে চায় না এমন অনেক দেশ আর্মেনীয়দের ওপর যে ‘গণহত্যা’ চালানো হয়েছিল, তার স্বীকৃতি দেওয়া থেকে বিরত রয়েছে। তবে ফ্রান্স ও রাশিয়াসহ ২০টি দেশ ওই ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দিয়েছে। তুরস্ক দাবি করে, তখন অটোমান তুর্কি সাম্রাজ্যের অংশ আর্মেনিয়ায় ওই সময় প্রায় পাঁচ লাখ মানুষ নিহত হয়েছিল ঠিকই। তবে তারা মারা যায় মূলত গৃহযুদ্ধ ও অনাহারে। এ ক্ষেত্রে ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করা যায় না।
সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত আর্মেনিয়া এবং বিদেশে ছড়িয়ে পড়া আর্মেনীয়রা দীর্ঘদিন ধরে প্রথম বিশ্বযুদ্ধকালীন ওই ‘গণহত্যার’ স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে।