তৃতীয় দফা আলোচনায় রাশিয়া-ইউক্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে গত ২৮ ফেব্রুয়ারি প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়
ছবি: রয়টার্স

রাশিয়া-ইউক্রেন সংকট সমাধানে তৃতীয় দফায় আলোচনায় বসেছেন দেশ দুটির প্রতিনিধিরা। কিয়েভের স্থানীয় সময় বিকেল ৪টায় এই বৈঠক শুরু হওয়ার আগে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক একটি টুইট করেন। তাতে মস্কোর প্রতি ইউক্রেনের সাধারণ নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানান তিনি। খবর আল-জাজিরার

এক টুইট বার্তায় মিখাইলো পোদোলিয়াক বলেছেন, রুশ ফেডারেশনের সঙ্গে তৃতীয় দফা আলোচনায় প্রতিনিধিদলে কোনো পরিবর্তন আনা হয়নি।

এর আগে দুই দফায় আলোচনায় বসেন রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা। গত বৃহস্পতিবার সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেসামরিক লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে একমত হয় দুই পক্ষ।

বৈঠকের পর গত কয়েক দিনে দুই দফায় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের মারিউপোল শহর থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদে বেরিয়ে যেতে অস্ত্রবিরতির ঘোষণা দেয় রাশিয়া। তবে তা সফল হয়নি। এ নিয়ে দুই দেশই একে অপরকে দায়ী করেছে।

এর মধ্যেই আজ থেকে ইউক্রেনের চার শহরের বাসিন্দাদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে গোলাগুলি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া। শহরগুলোর মধ্যে মারিউপোল ছাড়াও রয়েছে কিয়েভ, খারকিভ ও সুমি।

রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মধ্যে প্রথম বৈঠক হয় ২৮ ফেব্রুয়ারি। প্রায় পাঁচ ঘণ্টার ওই বৈঠকে কোনো সমাধান আসেনি। সংলাপের পর প্রতিনিধিরা নিজ দেশে ফিরে যান।

এদিকে রাশিয়ার চলমান হামলার মধ্যে সাক্ষাৎ করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। আগামী বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়া শহরে দুজনের দেখা হবে বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।