বেলজিয়ামের ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে গত সপ্তাহের সন্ত্রাসী হামলায় জড়িত তৃতীয় সন্দেহভাজনের নতুন ভিডিও ফুটেজ গতকাল সোমবার প্রকাশ করেছে পুলিশ। একই দিনে দেশটির কৌঁসুলিরা বলেছেন, তাঁরা একটি সন্ত্রাসী গ্রুপের তিন সদস্যকে ব্রাসেলস হামলায় অভিযুক্ত করেছেন।
ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দর ও ম্যালবিক মেট্রো স্টেশনে (পাতালরেল) ২২ মার্চ সন্ত্রাসী হামলা হয়। পরে এর দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
ব্রাসেলস বিমানবন্দরের হামলায় তিন আত্মঘাতী অংশ নিলেও তৃতীয় ওই ব্যক্তি তাঁর কাছে থাকা বোমার বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হন।
গতকাল প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাথায় হ্যাট ও গায়ে সাদা জ্যাকেট পরিহিত ওই ব্যক্তি বড় একটি ব্যাগভর্তি ট্রলি নিয়ে বিমানবন্দরের বহির্গমন হলের দিকে যাচ্ছেন। তাঁর দুই পাশে রয়েছেন ইব্রাহিম আল বরকারউয়ি ও নাজিম লাশরাউয়ি, যাঁরা আত্মঘাতী হামলা চালিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছিলেন।
বেলজিয়ামের কেন্দ্রীয় কৌঁসুলির দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘এটা একটি নতুন ভিডিও। এটি এর আগে প্রকাশ করা হয়নি।’
এদিকে দেশটির কৌঁসুলিরা গতকাল এক বিবৃতির মাধ্যমে সন্ত্রাসবাদে অভিযুক্ত তিনজনের নাম প্রকাশ করেন। তাঁরা হলেন ইয়াসিন এ, মোহাম্মদ বি এবং আবুবকর ও। এই পর্যায়ের আর কোনো তথ্য দেওয়া যাবে না বলে বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়। এতে আরও বলা হয়, একই ঘটনায় গ্রেপ্তার হওয়া আরেকজনকে জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত করা ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে গত রোববার কৌঁসুলিরা বলেছিলেন, তাঁদের কাছে চারজন আটক রয়েছেন। ব্রাসেলস ও অ্যান্টওয়ার্প এলাকা ও আশপাশে ১৩ দফা নতুন অভিযানের সময় তাঁদের আটক করা হয়।
এদিকে এএফপির খবরে বলা হয়, ব্রাসেলস হামলায় মৃতের সংখ্যা ৩৫ জনে উন্নীত হয়েছে। বেলজিয়াম সরকারের ক্রাইসিস সেন্টারের কর্মকর্তারা জানান, হামলার দুই ঘটনাস্থল জাভেনতেম বিমানবন্দর ও ম্যালবিক মেট্রো স্টেশনে ৩১ জনের প্রাণহানি হয়। পরে হাসপাতালে মারা যায় আরও চারজন। এর বাইরে তিন আত্মঘাতী হামলাকারী নিহত হয়।