যুক্তরাষ্ট্রে তেল-গ্যাসের দাম এখন আকাশছোঁয়া। দিনে দিনে দাম বেড়েই চলছে। আর দাম বাড়ার শুরু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি ঘোষণার পর। রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞার পর দাম বাড়া শুরু হয়েছে। তবে এ কারণে ক্ষুব্ধ মার্কিনদের বাইডেন বলছেন ভিন্ন কথা।
স্পুতনিকের খবরে জানা যায়, বাইডেন দাম বেড়ে যাওয়ার দায় চাপাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘাড়ে। এটিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বাইডেনের রাজনৈতিক কৌশল বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সেন্ট মারিস কলেজ ও সান্টা ক্লারা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ও অর্থনীতিবিদ জ্যাক রাসমুস।
গত সপ্তাহে গ্যাসের দাম বেড়ে যাওয়া নিয়ে মার্কিনদের কোনো বার্তা দিতে চান কি না, এমন প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘গ্যাসের দাম বাড়ছে। আমাদের এখন খুব বেশি কিছু করার নেই। দাম বাড়ার জন্য রাশিয়া দায়ী।’
অর্থনীতিবিদ জ্যাক রাসমুস টেলিফোনে রুশ বার্তা সংস্থা স্পুতনিক নিউজকে বলেন, বাইডেনের এমন দোষারোপ করা ছাড়া আর কিছুই বলার নেই। রিপাবলিকানরা এমনকি কয়েকজন ডেমোক্র্যাটও রাশিয়া থেকে তেল না নিতে বাইডেনকে চাপে ফেলেছেন। যার পরিমাণ দিনে সাত লাখ ব্যারেল। যদি বাইডেন তেল আমদানি বন্ধ না করতেন, তাহলে এই রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা বেসামরিক নাগরিকদের মৃত্যুর জন্য তাঁকে দায়ী করতেন। তাই এ ছাড়া বাইডেনের আর কী–বা করবেন? এখন তাঁকে দোষারোপের খেলা খেলতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে শেয়ারের সূচক ৭৯৭ পয়েন্ট কমেছে। রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর পেট্রলের দাম প্রতি ব্যারেল ১৩০ ডলার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। দাম বেড়ে যাওয়ার জন্য মার্কিন সরকারের গ্যাসোলিনের জোগান কমিয়ে দেওয়ার সিদ্ধান্তকে যাতে দায়ী করা না হয়, সে জন্য হোয়াইট হাউস বারবারই দায় চাপাচ্ছে পুতিনের ওপর। এটিকে বলা হচ্ছে, পুতিনের দাম বাড়ানো।
গ্যাসের দাম বাড়ছে। আমাদের এখন খুব বেশি কিছু করার নেই। দাম বাড়ার জন্য রাশিয়া দায়ী
ইউরোপে রাশিয়ার তেল ও জ্বালানি সরবরাহ বন্ধের চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তেল-গ্যাসের দাম বাড়ায় মার্কিনদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। হোয়াইট হাউস মার্কিন ভোটারদের বোঝাতে চাইছে, জীবনযাত্রার এই ব্যয় বৃদ্ধির জন্য পুতিনই দায়ী।
তেলের দাম বেড়ে যাওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রশাসনের এই কৌশলে পুরোপুরি সমর্থন দিচ্ছে মূলধারার করপোরেট গণমাধ্যমগুলো। যুক্তরাষ্ট্রের এমএসএনবিসি চ্যানেলের শিরোনাম ছিল ‘গ্যাসের রেকর্ড দাম বৃদ্ধি: জো বাইডেন কেন দায়ী নন।’ যুক্তরাষ্ট্রের পত্রিকা নিউইয়র্ক টাইমসের একটি শিরোনাম ছিল এমন, ‘গ্যাসের দাম বাড়ার জন্য বাইডেনকে দায়ী করে রিপাবলিকানরা ভুল করছেন।’
আগামী ৮ নভেম্বর মধ্যবর্তী নির্বাচনের আগে ভোটারদের অসন্তোষ দূর করতে বাইডেন বছরজুড়ে যুক্তরাষ্ট্রের পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ৯ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছেন। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ব্রায়ান ডিজ গত সপ্তাহে ইয়াহু ফিন্যান্স লাইভে বলেন, ক্রেতারা যাতে লাভবান হন, তা নিশ্চিত করার চেষ্টা করছে মার্কিন প্রশাসন।
তিনি কোটি কোটি ব্যারেল তেল ছাড়তে পারেন কিন্তু তিনি কি তা করছেন? তিনি তা করছেন না, কারণ, তেল কোম্পানিগুলো দাম বাড়াতে চায়। তেল কোম্পানিগুলো অনেক বেশি লাভ চায়। তাই দাম বেড়ে যাওয়া তারা পছন্দ করে এবং এটাই প্রত্যাশা করে।অর্থনীতিবিদ রাসমুস
তবে ব্রায়ান ডিজের সঙ্গে মোটেও একমত নন অর্থনীতিবিদ রাসমুস। তিনি বলেন, মার্কিন প্রশাসন আসলে উল্টো কাজটাই করছে। বাইডেনের উদ্দেশে রাসমুস বলেন, তিনি কোটি কোটি ব্যারেল তেল ছাড়তে পারেন কিন্তু তিনি কি তা করছেন? তিনি তা করছেন না, কারণ, তেল কোম্পানিগুলো দাম বাড়াতে চায়। তেল কোম্পানিগুলো অনেক বেশি লাভ চায়। তাই দাম বেড়ে যাওয়া তারা পছন্দ করে এবং এটাই প্রত্যাশা করে। রাসমুস সতর্ক করে আরও বলেন, তেল-গ্যাসের দাম বেড়ে যাওয়া সবে শুরু।
একসময়ের সাংবাদিক ও অর্থনীতিবিদ রাসমুস আরও বলেন, রাশিয়া থেকে শুধু তেল নয়, মার্কিন কংগ্রেস নিকেল, রাসায়নিক প্যালাডিয়াম, গম এবং আরও অনেক কিছুর আমদানি বন্ধ করতে চলেছে।
যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ রাশিয়াকে বৈশ্বিক তেল সরবরাহব্যবস্থা থেকে বাদ দিতে চাইছে। যুক্তরাষ্ট্রের শ্রমজীবী শ্রেণি ক্ষুব্ধ হলেও রাসমুস বলেন, তেলের দাম বাড়ায় সুখে আছে বহুজাতিক প্রতিষ্ঠান ও পুঁজিবাদীরা।
‘এপিক রিসেশন অ্যান্ড গ্লোবাল ফিন্যান্সসিয়াল ক্রাইসিসের’ লেখক রাসমুস অর্থনৈতিক বৈষম্য নিয়ে গবেষণা ও লেখালেখি করেন। তিনি বলেন, রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা আরোপে বড় ভূমিকা ছিল ওয়েস্ট ভার্জিনিয়ার ডেমোক্রেটিক সিনেটর জো মানচিন, আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকোসকির। যুক্তরাষ্ট্রের জ্বালানি শিল্পের পুরোটাই তাঁদের কুক্ষিগত। তাঁরা কানাডা ও যুক্তরাষ্ট্রের কিস্টোন পাইপলাইন খুলে দেওয়ার চেষ্টা করতে পারেন। পরিস্থিতি গরম থাকতে থাকতেই তাঁরা সবকিছু করার চেষ্টা করবেন।
জ্বালানি খরচ বেড়ে যাওয়া, মূল্যস্ফীতি এবং অনেক পণ্যের দাম বেড়ে যাওয়ার এই পরিস্থিতির মধ্যেও যাঁরা শীর্ষ অবস্থানে আসছেন, তাঁরা সবাই সম্পদশালীর তালিকায়। তেল কোম্পানির ভোক্তা ও শ্রমিকের আয়ের ক্ষেত্রে বড় ধরনের পুনর্বণ্টন চলছে।
অর্থনীতিবিদ রাসমুস বলছেন, রাশিয়ার বিরুদ্ধে যেভাবে মার্কিন প্রশাসন ও মার্কিন মূলধারার গণমাধ্যম প্রচার চালাচ্ছে, তার ভিড়ে এই পুনর্বণ্টনের বিষয়টি আড়ালেই থেকে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে কেউই কথা বলতে চান না।
এখন মধ্যবর্তী নির্বাচনের আগে বাইডেন প্রশাসনের এই দোষারোপের খেলায় দেশটির জনগণ কেমন প্রতিক্রিয়া দেখাবে, তা সময়ের ওপর নির্ভর করবে।