তোতার উপদ্রবে অতিষ্ঠ জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চোখজুড়ানো আলাপী পাখি তোতা। অনেকে পোষে, বুলি শেখায়। কিন্তু এই নয়নাভিরাম পাখির দলও যে উপদ্রবের কারণ হতে পারে, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদের অনেক বাসিন্দা। সেখানকার বিভিন্ন এলাকায় এসব তোতা পাখি দলে দলে বাসা বেঁধে কান ফাটানো আর্তরবে জনজীবন অতিষ্ঠ করে তুলছে।
আকারে ছোট, উজ্জ্বল সবুজ ও ধূসররঙা এই পাখিগুলো ‘সন্ন্যাসী টিয়া’ নামে বেশি পরিচিত। বাসিন্দারা জানাচ্ছেন, এগুলোকে প্রথম স্পেনে আনা হয়েছিল বিনোদনের জন্য, পোষা পাখি হিসেবে খাঁচায় করে। কিছু তোতা উড়ে পালিয়ে যায়, আবার কেউ কেউ কিছু তোতাকে ছেড়েও দেয়। এভাবেই এরা স্পেনের রাজধানীর সবুজাভ এলাকায় স্বাধীনতার প্রথম স্বাদ পায়। আর বংশবিস্তারে এগুলোর সংখ্যা কেবল বেড়েই চলে।
মাদ্রিদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লস কারমেনেস জেলার বাসিন্দা মারিয়া মোরেনো বলেন, কয়েক বছর আগে এই টিয়াগুলোকে তিনি প্রথম দেখেছিলেন। এক জোড়া পাখি এই জায়গায় প্রথম তাদের ঘর বানায়। জায়গাটি হয়তো এগুলোর পছন্দও হয়। এখন প্রচুর তোতা এখানে ঘর বানিয়েছে। এরা নিজেরা মারামারি করে। এমনকি ঘুঘু, চড়ুই ও দোয়েল পাখির সঙ্গে খাবার নিয়ে মারপিটও করে। তিনি বলেন, ‘এগুলোর চিৎকার-চেঁচামেচি খুবই বিরক্তিকর। এই পাখিগুলো গাড়িতে মূত্রত্যাগও করে।’
আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও বলিভিয়া থেকে আসা পাখিতে এখন স্পেনের মাদ্রিদের কিছু জেলা, সেই সঙ্গে কাসা দে ক্যাম্পো বা রেতিরোর মতো উদ্যান পরিপূর্ণ। সেখানে মিলেমিশে পাখিরা গড়ে তুলেছে বিরাটাকৃতির বাসা। যেই পাখির বাসার ওজনই হবে প্রায় ৫০ কেজির সমান। পাখিরা যে কেবল গাছে গাছে বাসা বানিয়েছে তা কিন্তু নয়, বাসা বানানো থেকে বাদ পড়েনি বৈদ্যুতিক খুঁটিও। স্পেনের এক পাখি বিশেষজ্ঞ বলেন, ‘পাখির বাসার ফলে গাছের অনেক ক্ষতি হয়, কোটরে বাসা বানানোয় কিছু গাছ শুকিয়ে যায়।’
বলা হচ্ছে, সন্ন্যাসী টিয়ারা অন্য পাখিদের প্রতি কিছুটা আক্রমণাত্মক। মালাগা শহরের পরিবেশ নজরদারির প্রধান সালভাদর ফ্লোরিডো বলেন, ‘খাবারের প্রতিযোগিতার কারণে এখন এখানে অন্য পাখির দেখা কমই মেলে।’ টিয়াদের দমাতে বাসা ভেঙে দেওয়ার পদ্ধতিও কাজ না করায় তা ইতিমধ্যে হয়ে গেছে সেকেলে।
পাখি নিয়ে কাজ করা ‘স্প্যানিশ ওনিথালজিক্যাল সোসাইটি’র হিসাবমতে, গত বছর স্পেনে ২০ হাজারের মতো তোতা ছিল, এগুলোর সিংহভাগই ছিল দক্ষিণ-পূর্ব উপকূলবর্তী মাদ্রিদ, বার্সেলোনা ও মালাগায়। এশিয়া ও আফ্রিকা থেকে যাওয়া সন্ন্যাসী টিয়ারা উষ্ণ কিংবা ঠান্ডা—যেকোনো পরিবেশে খাপ খাইয়ে নিতে সমর্থ। এগুলো এখন ব্রিটেনের মতো ইউরোপের অন্যান্য দেশেও বসতি গড়ছে। ইতিমধ্যে এই টিয়ারা প্যারিস, রোম ও লন্ডনেও গড়ে তুলেছে উপনিবেশ।