ত্রাণের জন্য ৩ ঘণ্টা করে বিরতি দেবে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় সামরিক অভিযান প্রতিদিন তিন ঘণ্টা বন্ধ রাখবে। যুদ্ধকবলিত এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ দিতেই এ উদ্যোগ। তবে বিদ্রোহী সংগঠনগুলো এই যুদ্ধবিরতি মানবে কি না, তা স্পষ্ট নয়।

জাতিসংঘের কর্মকর্তারা বলছেন, বহু মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে হবে। এ জন্য মাত্র তিন ঘণ্টার যুদ্ধবিরতি খুবই অপর্যাপ্ত।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গত বুধবার মস্কোয় সংবাদ সম্মেলনে বলেন, সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত সব ধরনের রুশ সামরিক অভিযান, স্থল ও বিমান হামলা বন্ধ থাকবে।

আলেপ্পোয় বিদ্রোহী সংগঠনগুলোর সঙ্গে রাশিয়া-সমর্থিত সিরীয় সরকারি বাহিনীর লড়াই সম্প্রতি জোরদার হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় বিষাক্ত গ্যাস হামলা চালানোর খবরও মিলেছে। চিকিৎসাকর্মীরা বলেন, চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছে।

এর আগে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্বাঞ্চলের চিকিৎসকেরা স্থানীয় আড়াই লাখ বেসামরিক মানুষের সহায়তায় এগিয়ে আসতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আবেদন জানান।

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী স্টিফেন ও’ব্রায়ান বলেন, যুদ্ধকবলিত এলাকায় পর্যাপ্ত সাহায্য পাঠাতে দুই লেন এবং ২৪ ঘণ্টা প্রয়োজন। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং অংশীদারেরা আলেপ্পোর বেসামরিক লোকজনের সহায়তায় প্রস্তুত রয়েছে।