থিয়েটারের ধ্বংসস্তূপে এখনো চাপা পড়ে আছে শত শত মানুষ: জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, অবরুদ্ধ মারিউপোল শহরের থিয়েটারে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক ভিডিও বার্তায় এমন দাবি করেছেন জেলেনস্কি। খবর আল–জাজিরার।
গত বুধবার দিবাগত রাতে মারিউপোলের একটি থিয়েটার হলে বোমা হামলা হয়। ওই থিয়েটারের বেজমেন্টে অস্থায়ী একটি আশ্রয়কেন্দ্র ছিল। আশঙ্কা করা হচ্ছে, বিস্ফোরণের সময় ওই আশ্রয়কেন্দ্রে হাজারখানেক মানুষ অবস্থান করছিল।
ইউক্রেনের অভিযোগ, বুধবার ওই থিয়েটারে হামলা চালিয়েছে রাশিয়া। তবে হামলার দায় অস্বীকার করেছে রাশিয়া।
গতকাল ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ১৩০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মারিউপোলের শত শত বাসিন্দা এখনো ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে।
মারিউপোলে উদ্ধার অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘গোলা হামলার মধ্যেই সব রকমের জটিলতায় আমরা উদ্ধারকাজ চালিয়ে যাব।’
গতকাল রাতে মারিউপোল সিটি কাউন্সিল বলেছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, এ ঘটনায় কেউ মারা যায়নি। তবে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
গতকাল রুশ সেনারা দাবি করেন, তাঁরা মারিউপোলের কেন্দ্রস্থলে লড়াই করছেন।
এমন অবস্থায় ইউক্রেনে অস্ত্র সরবরাহের গতি বাড়াতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান জেলেনস্কি। ভিডিও বার্তায় তিনি বলেন, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর পাঠানো অস্ত্রগুলো খুব ধীরগতিতে পৌঁছাচ্ছে। তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট পশ্চিমা নেতাদের আবারও মনে করিয়ে দিতে চাই, ইউক্রেন যদি অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র না পায়, তবে তা হবে তাদের জন্য নৈতিক পরাজয়।’
রাশিয়ার সব জাহাজের প্রবেশ বন্ধ করে দিতে ইউরোপীয় বন্দরগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইউক্রেনে রুশ অভিযানের পরও কিছুসংখ্যক পশ্চিমা কোম্পানি রাশিয়া ছেড়ে না যাওয়ায় তাদের সমালোচনা করেছেন জেলেনস্কি।