দনবাসে হামলা শুরু করেছে রুশ বাহিনী: জেলেনস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের দনবাস অঞ্চলে রুশ বাহিনী বড় ধরনের হামলা শুরু করেছে
ছবি: এএফপি

ইউক্রেনের পূর্বাঞ্চলে সোমবার বড় ধরনের হামলা শুরু করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের।

ইউক্রেনের পক্ষ থেকে বলা হচ্ছে, কিয়েভ দখলের চেষ্টা করলে প্রতিরোধের মুখে পিছু হটার পর পূর্ব ইউক্রেনে আগ্রাসনের নতুন ধাপ শুরু করেছে রুশ বাহিনী।

গত কয়েক সপ্তাহ ধরে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলকে লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। অঞ্চলটির একাংশ মস্কোপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে।

সোমবার মধ্যরাতে টেলিগ্রামে দেওয়া বার্তায় জেলেনস্কি বলেন, ‘আমরা এখন নিশ্চিত করছি, রুশ বাহিনী দনবাস অঞ্চলের জন্য লড়াই শুরু করেছে। দীর্ঘ সময় ধরে তারা এর জন্য প্রস্তুতি নিচ্ছিল। তবে এখানে যত জন রুশ সেনা নিয়ে আসা হোক না কেন আমরা লড়াই করব। আত্মরক্ষার এই লড়াই চালিয়ে যাব আমরা।’

আরও পড়ুন

রুশ বাহিনীর বড় ধরনের হামলার শঙ্কা থেকে এর আগেই দনবাসের মানুষজনকে ইউক্রেনের পশ্চিম অংশ সরে যাওয়ার আহ্বান জানিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

দনবাসের নিয়ন্ত্রণ মস্কোর জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। কারণ এর নিয়ন্ত্রণ নিলে ২০১৪ সালে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে করিডর তৈরি হবে।

এদিকে সোমবার ইউক্রেনের শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছেন রুশ সেনারা। গতকাল সোমবার রাশিয়ার পক্ষ থেকে এ দাবি করে বলা হয়, রুশ সেনাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সেনাদের বেশ কিছু সেনাঘাঁটি ধ্বংস হয়েছে। গতকাল সোমবার ইউক্রেনে রুশ সামরিক অভিযান ৫৫তম দিনে গড়িয়েছে।