
যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা হিসেবে গত মঙ্গলবার পাঁচ মাস পূর্ণ করলেন জেরেমি করবিন। এই স্বল্প সময়েই বামপন্থী এই নেতাকে সরকারের সমালোচনায় যতটা না সময় ব্যয় করতে হয়েছে, তার চেয়ে বেশি করতে হয়েছে দলের এমপি ও ছায়া মন্ত্রিসভার সদস্যদের বিদ্রোহ দমনে। বাধ্য হয়েছেন ছায়া মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদে রদবদল করতে।
গত সপ্তাহে করবিন প্রথমবারের মতো তাঁর ছায়া মন্ত্রিসভায় রদবদল করেন। তাঁর নীতি নিয়মিতভাবে চ্যালেঞ্জ করেন এমন দুজন ইউরোপ-বিষয়ক ছায়া প্রতিমন্ত্রী প্যাট ম্যাক ফ্যাডেন ও সংস্কৃতি-বিষয়ক ছায়া মন্ত্রী মাইকেল ডুগার। তাঁদের ছাঁটাই করেন তিনি। এ ছাড়া মারিয়া ইগলকে ছায়া প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে সংস্কৃতি-বিষয়ক ছায়া মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
করবিন পশ্চিমা যুদ্ধনীতির কড়া সমালোচক ও পরমাণু বোমার ঘোরবিরোধী। যুক্তরাজ্যে পারমাণবিক বোমা রক্ষণাবেক্ষণ (ট্রাইডেন্ট) ব্যয় নবায়নে চলতি বছর পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। মারিয়ার অবস্থান পারমাণবিক বোমা রাখার পক্ষে হওয়ায় করবিনের সঙ্গে দ্বিমত দেখা দেয়। মারিয়ার স্থলে ট্রাইডেন্ট বিরোধী এমেলি থর্নব্যারিকে দায়িত্ব দিয়েছেন করবিন।
কিন্তু সিরিয়ায় অভিযান চালানো প্রশ্নে করবিনের বিরোধিতা করা পররাষ্ট্র-বিষয়ক ছায়া মন্ত্রী হিলারি বেন এ যাত্রায় বেঁচে গেছেন। ধারণা করা হয়, বেনই ছাঁটাইয়ের প্রথম শিকার হতে পারেন। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, ভবিষ্যতে দলের নেতার কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবেন না শর্তে টিকে গেছেন বেন।
তবে এমন রদবদলেও স্বস্তি মেলেনি করবিনের। রদবদলের প্রতিবাদে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন চারজন। এঁরা হলেন ক্যাথেরিন ম্যাককিনেল, জোনাথন রেনলডস, কেভিন জোন্স ও স্টিফেন ডাউটি। পদত্যাগের কারণ হিসেবে তাঁরা বলেছেন, করবিনের নীতি দলকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে।
পশ্চিমা যুদ্ধনীতির কট্টর সমালোচক করবিনের প্রতি দলের এমপিদের বিরূপ মনোভাব অবশ্য নতুন কিছু নয়। গত ১২ সেপ্টেম্বর দলীয় নেতা নির্বাচনে করবিনকে ঠেকাতে সম্ভাব্য সব চেষ্টাই করেন লেবার দলীয় সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনসহ শীর্ষস্থানীয় নেতারা। গত বছরের পার্লামেন্ট নির্বাচনে শোচনীয় হারের পর থেকেই বেসামাল হয়ে পড়ে লেবার দল। পরে করবিন দলের নেতা নির্বাচিত হলেও বেসামাল অবস্থা কাটেনি; বরং দেখা দিয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব।
শুরুতেই দলের প্রথম সারির বেশ কয়েকজন নেতা করবিনের ছায়া মন্ত্রিসভায় না থাকার ঘোষণা দেন। নানা দর-কষাকষির পর পছন্দের ছায়া মন্ত্রিসভা নিয়ে কাজ শুরু করলেও সিরিয়া অভিযানে যুক্তরাজ্যের অংশগ্রহণ প্রশ্নে বিভক্ত হয়ে পড়ে এ মন্ত্রিসভা। ফলে নিজে হামলার বিপক্ষে হয়েও দলীয়ভাবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেননি করবিন।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির মতো কোনো কোনো লেবার নেতাও করবিনের যুদ্ধবিরোধী অবস্থান ও পারমাণবিক বোমা ত্যাগ করার প্রতিশ্রুতিকে যুক্তরাজ্যের নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেন। এর ওপর ডানপন্থী গণমাধ্যমগুলোর অব্যাহত নেতিবাচক প্রচারও সইতে হচ্ছে করবিনকে। এত সব সত্ত্বেও দলের সাধারণ সদস্যদের কাছে করবিনের জনপ্রিয়তা বাড়তির দিকেই।
ইতিমধ্যে করবিনের নেতৃত্বে লেবার দল একটি উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছে। এমপিদের কাছ থেকে নিয়মিত চ্যালেঞ্জের মুখে পড়লেও তৃণমূল পর্যায়ে করবিনের জনপ্রিয়তা তুমুল। গত বুধবার দ্য গার্ডিয়ান পত্রিকার অনলাইনে প্রকাশিত এক জরিপ প্রতিবেদনে বলা হয়, করবিন নেতা নির্বাচিত হওয়ার ফলে লেবার দলের সদস্যসংখ্যা ব্যাপক বেড়েছে।
ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের ১০০টি নির্বাচনী এলাকায় চালানো হয় এ জরিপ। জরিপ প্রতিবেদনে বলা হয়, কোনো কোনো এলাকায় সদস্য বৃদ্ধির হার চার-পাঁচ গুণ। ২০০৩ সালে ইরাকে আগ্রাসন চালানোর প্রতিবাদে যাঁরা লেবার পার্টির সদস্যপদ ছেড়েছিলেন, যুদ্ধবিরোধী করবিন নেতা নির্বাচিত হওয়ায় তাঁদের অনেকেই ফিরে এসেছেন। আবার তাঁর প্রথাবিরোধী বক্তব্যও তরুণ প্রজন্মকে রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে।