দলে বিদ্রোহের মুখে প্রধানমন্ত্রী সিপ্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক দাতাদের চাপে ব্যয় সংকোচনের প্রস্তাব মেনে নেওয়ার পর গ্রিসের বামপন্থী প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস নিজ দলে বিদ্রোহের মুখে পড়েছেন। অথচ দাতাদের শর্ত অনুযায়ী, আর্থিক সংস্কারের জন্য আইন পাস করতে হাতে সময় বেশি নেই। এ নিয়ে সিপ্রাস সরকারের ভবিষ্যৎই অনিশ্চয়তায় পড়েছে। খবর রয়টার্সের।
টানা ১৭ ঘণ্টা আলোচনার পর গত সোমবার অর্থনৈতিক পুনরুদ্ধারে (বেইল আউট) গ্রিসকে তৃতীয় মেয়াদে ঋণ সহায়তা দিতে রাজি হয় জার্মানির নেতৃত্বাধীন আন্তর্জাতিক দাতারা। তবে এ ক্ষেত্রে যেসব শর্ত বেঁধে দেওয়া হয়েছে, তাতে প্রধানমন্ত্রী সিপ্রাসকে অজনপ্রিয় ব্যয় সংকোচন নীতির ইতি ঘটানোর প্রতিশ্রুতি থেকে সরে আসতে হচ্ছে। অথচ এই প্রতিশ্রুতি দিয়েই তিনি ক্ষমতায় এসেছিলেন।
দাতাদের শর্ত অনুযায়ী, গ্রিসের আর্থিক খাতে সংস্কারের জন্য আজ বুধবারের মধ্যেই পার্লামেন্টে আইন পাস করতে হবে। কিন্তু পার্লামেন্টে সিপ্রাসের দল সিরিজা পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও আইন পাসে এখন তাঁকে নির্ভর করতে হচ্ছে ইউরোপপন্থী বিরোধী দলগুলোর ভোটের ওপরে। কারণ, ৫ জুলাইয়ের গণভোটে গ্রিসের মানুষ ঋণদাতা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) যেসব পদক্ষেপ প্রত্যাখ্যান করেছিল, নতুন চুক্তিতে কার্যত সেগুলোই ফিরিয়ে আনা হয়েছে। এতে করে সিপ্রাসকে জনগণের পাশাপাশি আইনপ্রণেতাদের রোষের মুখে পড়তে হচ্ছে। তাঁর সরকারের ভবিষ্যৎ নিয়েই এখন বড় প্রশ্ন জেগেছে। শেষ পর্যন্ত সিপ্রাসকে আগাম নির্বাচনের পথে হাঁটতে হবে বলে মনে করা হচ্ছে।
ক্ষমতাসীন সিরিজা পার্টির বামপন্থী বিদ্রোহীদের পাশাপাশি সিপ্রাসের জোট সরকারের ছোট শরিক দল ডানপন্থী ইন্ডিপেনডেন্ট গ্রিকস পার্টিও ইঙ্গিত দিয়েছে, তারা ভোটারদের যেসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, সেগুলো থেকে পিছপা হবে না। সিপ্রাসের সঙ্গে বৈঠকের পর দলটির নেতা পানোস কামেনোস সাংবাদিকদের বলেন, ‘আমরা এসব মানতে পারি না। একটি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় কিছু নিয়মকানুন আছে। আমরা সেগুলোকে সমুন্নত করি।’
দাতাদের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আর্থিক খাতে সংস্কারের জন্য পার্লামেন্টে আইন প্রণয়নে সিপ্রাসকে সম্ভবত শেষ পর্যন্ত কয়েকজন কট্টরপন্থী মন্ত্রীকে বরখাস্ত করতে হবে। দাতাদের সঙ্গে সদ্য করা চুক্তির বিষয়ে গতকালই সিরিজা পার্টির সংসদীয় বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকেই চুক্তির বিরোধিতা করায় দুজন মন্ত্রীকে বরখাস্ত করা হতে পারে। তাঁরা হলেন জ্বালানিমন্ত্রী পানাজিওতিস রাফাজানিস ও শ্রম প্রতিমন্ত্রী দিমিত্রিস স্ট্রাটুলিস।
এ ছাড়া আইন প্রণয়নে সিপ্রাসের সামনে আরেক বড় বাধা পার্লামেন্টের স্পিকার জোয়ে কনস্টান্টিনোপোলো। আপসহীন এ বামপন্থী আন্তর্জাতিক দাতাদের ঘোর সমালোচকদের একজন। তিনি আগে থেকেই চুক্তি করার বিষয়ে সিপ্রাসের বিরোধিতা করে আসছেন। শেষ পর্যন্ত স্পিকারকে বরখাস্ত করার মতো ঝুঁকিপূর্ণ পথে হাঁটতে পারেন প্রধানমন্ত্রী সিপ্রাস।