দাতব্য সংস্থার জন্য আর বড় অঙ্কের অনুদান নেবেন না প্রিন্স চার্লস
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস দাতব্য সংস্থার জন্য আর কখনোই বড় অঙ্কের অর্থসহায়তা নেবেন না। ব্রিটিশ রাজপরিবারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি আরও জানিয়েছে, প্রিন্স চার্লস গত পাঁচ বছরে বড় ধরনের কোনো আর্থিক অনুদান নেননি। খবর গার্ডিয়ানের
কাতারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল থানির কাছ থেকে নগদ ৩০ লাখ ইউরো গ্রহণ করেন প্রিন্স চার্লস। যুক্তরাজ্যের সানডে টাইমস সম্প্রতি এ খবর প্রকাশ করলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন প্রিন্স চার্লস। তাদের প্রতিবেদনে বলা হয়, ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে কাতারের সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নেন প্রিন্স চার্লস।
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস নিজের দাতব্য সংস্থা দ্য প্রিন্স অব ওয়েলস’স চ্যারিটেবল ফান্ডের জন্য শেখ হামাদ বিন জসিমের কাছ থেকে এসব অনুদান নেন। শেখ হামাদ বিন জসিম ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের প্রধানমন্ত্রী ছিলেন।
রাজতন্ত্রবিরোধী ক্যাম্পেইন গ্রুপ রিপাবলিক এ ঘটনার বিস্তারিত জনসমক্ষে তুলে ধরার দাবি জানিয়েছে। এ ঘটনাকে উদ্বেগজনক আখ্যা দিয়ে প্রিন্স চার্লসের বিচার-বিবেচনা নিয়ে প্রশ্ন তুলেছে তারা।
ব্রিটিশ রাজপরিবার সূত্র জানিয়েছে, অনুদান পাওয়ার পর দ্রুতই সেসব অর্থ দাতব্য তহবিলে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া কারও কাছ থেকে অনুদানের অর্থ নেওয়ার সিদ্ধান্ত প্রিন্স চার্লসের দাতব্য সংস্থাগুলোই নিয়ে থাকে।