দাতাদের প্রস্তাব গ্রিসের পার্লামেন্টে পাস

অর্থনীতি পুনরুদ্ধারে (বেইল আউট) দাতাদের অনুমোদিত প্রস্তাব অবশেষে গ্রিসের পার্লামেন্টে পাস হয়েছে। গতকাল বুধবার দেশটির পার্লামেন্টে ব্যাপক তর্ক-বিতর্কের পর প্রস্তাবটি পাস হয়।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গ্রিসের জন্য দাতাদের অনুমোদিত আট হাজার ৬০০ কোটি ইউরো নতুন ঋণ-সহায়তা পাওয়ার ক্ষেত্রে দেশটিকে বেশ কিছু ক্ষেত্রে সংস্কার আনতে হবে। গ্রিসের সরকারকে সেবামূলক অনেক খাতে কৃচ্ছ্রসাধন করতে হবে। বিভিন্ন খাতে কর এবং অবসরের বয়সসীমা বাড়াতে হবে।
পার্লামেন্টে প্রস্তাবটি পাস করা খুব সহজ হবে না বলেই মনে করা হচ্ছিল। কারণ অনেকে এর বিরোধিতা করছেন। শেষ পর্যন্ত পার্লামেন্টে প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২২৯ টি। ‘না’ ভোট পড়েছে ৬৪ টি। ছয়জন ভোটদানে বিরত ছিলেন। ‘না’ ভোটের অর্ধেকই এসেছে ক্ষমতাসীন দল থেকে।
গতকাল ঋণদাতাদের প্রস্তাব নিয়ে পার্লামেন্টে যখন বিতর্ক চলছিল, বাইরে তখন বিক্ষোভ শুরু করে ১২ হাজারের বেশি মানুষ। তারা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে দাঙ্গা পুলিশ।