দামের গরমে মাথাও গরম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে একটি চায়ের দোকানে গুলি ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে খুঁজছে দেশটির পুলিশ। দোকানি এক গ্লাস চায়ের দাম দ্বিগুণ দাবি করায় ক্রেতা ক্ষুব্ধ হয়ে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে।

গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ঘটনাটি ঘটে।

খবরে বলা হচ্ছে, ইস্তাম্বুলের কাছে কোচিলি প্রদেশে চায়ের দোকানটি অবস্থিত। এক গ্লাস চায়ের জন্য দোকানদার ক্রেতার কাছে দুই লিরা দাবি করেন। এরপরই দোকানদারের সঙ্গে ক্রেতার বিবাদ হয়।

তুরস্কে চায়ের দোকানে সাধারণত প্রতি গ্লাস চা এক লিরায় বিক্রি হয়।

চায়ের দ্বিগুণ দাম শুনে ক্ষুব্ধ ব্যক্তিকে তাঁর বন্ধুরা ঘটনাস্থল থেকে সরিয়ে নেন। তবে মিনিট কয়েক পরে তিনি ফের চায়ের দোকানের কাছে ফিরে আসেন। গাড়ির ভেতর থেকে তিনি ওই চায়ের দোকান লক্ষ্য করে চারবার গুলি ছোড়েন। এরপর গাড়ি নিয়ে সটকে পড়েন তিনি।

গুলির ঘটনায় চায়ের দোকানে বসে থাকা এক বয়স্ক ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশ জানায়, তারা সন্দেহভাজন ব্যক্তিকে এখনো খুঁজছে।