দালাই লামার সঙ্গে দেখা করবেন না পোপ ফ্রান্সিস
বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করবেন না। পোপের দপ্তর থেকে বলা হয়েছে, চীনের সঙ্গে সম্পর্কের ‘নাজুক পরিস্থিতির’ কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।
রোম সফররত দালাই লামা পোপের সঙ্গে সাক্ষাতের অনুরোধ করেছিলেন। সেখানে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক সম্মেলনে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছিল পোপকে।
ভ্যাটিকানের মুখপাত্র বলেন, পোপ দালাই লামা সম্পর্কে উচ্চ শ্রদ্ধা পোষণ করেন। তবে ‘বোধগম্য কারণেই’ তাঁর সাক্ষাতের অনুরোধ রাখা গেল না।
চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে চায় না বলেই ভ্যাটিকান দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানাল বলে মনে করা হচ্ছে। চীন দালাই লামাকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে।
পোপের অস্বীকৃতিতে দালাই লামা হতাশা প্রকাশ করলেও বলেছেন, তিনি কারও জন্য সমস্যা সৃষ্টি করতে চান না।
চীনের ক্যাথলিক খ্রিষ্টান সম্প্রদায় দেশের একমাত্র দল ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির অধীন প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশনের অধীনে। তবে পোপের অনুগত ক্যাথলিকদের সংখ্যা অনেক বেশি। বিশপ নিয়োগ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ আছে।