তুরস্কের পার্লামেন্টে বিতর্কিত দায়মুক্তি প্রত্যাহারের বিল গতকাল শুক্রবার ভোটাভুটির মাধ্যমে পাস হয়েছে। বিরোধী দলের প্রতিবাদের মধ্যেই এই বিল নিয়ে ভোটাভুটির আয়োজন করা হয়। এই বিল পাস হওয়ায় দেশটির পার্লামেন্টের বিরোধী দল কুর্দি পিপলস ডেমোক্রেটিক পার্টির সদস্যরা সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে বিচারের মুখোমুখি হতে পারেন। পাশাপাশি পার্লামেন্ট থেকে তাঁদের সদস্যপদও খারিজ হয়ে যেতে পারে। পার্লামেন্টে গোপনীয়তার মধ্যেই গতকাল ভোটাভুটি হয়। বিলটি নিয়ে কয়েক দিন আগে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) ও বিরোধী কুর্দি পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সদস্যদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিলে এমপিদের ‘বিচার না করার আইন’ বাতিলের প্রস্তাব করা হয়েছে। এইচডিপি অভিযোগ করেছে, ক্ষমতাসীন সদস্যরা মূলত এই বিলের মাধ্যমে বিরোধী এমপিদের পার্লামেন্ট থেকে বহিষ্কার করতে চাচ্ছেন। এতে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে এই দল।
এএফপি