দুই ঘণ্টায় যাঁরা কিয়েভ দখলের কথা বলেছিলেন, তাঁরা এখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ
ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেছেন, ‘যাঁরা মাত্র দুই ঘণ্টায় কিয়েভ দখলের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা এখন কোথায়? আমি তাঁদের দেখতে পাচ্ছি না।’ তিনি বলেন, ‘ইউক্রেনের সেনাবাহিনী বা জনগণ ছাড়া ইউরোপ কখনো নিরাপদ হবে না। সহজ কথায়, আমাদের ছাড়া ইউরোপ টিকে থাকতে পারবে না।’ খবর বিবিসির

ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী লড়াই করার জন্য অস্ত্র হাতে প্রস্তুত থাকায় সেনা, পুলিশ, স্বাস্থ্যকর্মী ও সব বেসামরিক নাগরিকের প্রশংসা করেন।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, অনেকেই ভয়কে জয় করেছে এবং শেষ পর্যন্ত ক্রেমলিনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ‘বিশ্ববাসী পরিস্থিতির দিকে নজর রাখছে। তিন দিন আগেও যে সহযোগিতা পাওয়া অসম্ভব ছিল, তা আমরা এখন পেতে যাচ্ছি।’

হামলার চতুর্থ দিনে এসে ইউক্রেনের পাঁচটি শহর দখলে নিয়েছে রাশিয়া। কিয়েভেও ঢুকে পড়েছে। সেখানে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীর লড়াই চলছে।

ইউক্রেনের উত্তর-পূর্বের শহর ওখতারকার গভর্নর দিমিত্রি ঝিভিটস্কি আজ রোববার বিবিসিকে বলেন, গত শুক্রবার রাশিয়া ওখতারকায় হামলা চালায়। এ হামলায় সাতজন নিহত হয়েছেন। এর মধ্য সাত বছরের এক মেয়েও আছে।