দুই ঘণ্টায় ৮ জনকে ছুরিকাঘাত: তরুণ গ্রেপ্তার

বার্মিংহামে ছুরি হামলার ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেন ফরেনসিক বিভাগের কর্মকর্তারা। যুক্তরাজ্য, ০৬ সেপ্টেম্বরছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে দুই ঘণ্টায় ৮ জনকে ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় সময় ভোর চারটার দিকে সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করা হয়। ওই তরুণের বয়স ২৭ বছর। তবে তাঁর ব্যাপারে আর বিস্তারিত কিছু জানানো হয়নি।

যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে রোববার এক ব্যক্তি উন্মত্তভাবে দুই ঘণ্টার মধ্যে আটজনকে ছুরিকাঘাত করেন। এতে একজন নিহত হন। আহত ৭ জনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়।

ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ বলছে, রোববার স্থানীয় সময় মধ্যরাতে বার্মিংহামের চারটি জায়গায় ওই হামলার ঘটনা ঘটে। পরে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে ভোর চারটার দিকে সন্দেহভাজন ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। ওই হামলার সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কিংবা কোনো অপরাধচক্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ।