দুই জিম্মির শিরশ্ছেদ করল আইএস
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের হাতে থাকা চীনা ও নরওয়ের দুই জিম্মির শিরশ্ছেদ করেছে। আইএসের ইংরেজিভাষী সাময়িকী দাবিক-এর সর্বশেষ সংখ্যায় দুই জিম্মির রক্তাক্ত ছবি প্রকাশিত হয়েছে। খবর এএফপির।
এর আগে দাবিক-এর সেপ্টেম্বর সংখ্যায় চীনা নাগরিক ফান জিংঘুই (৫০) এবং নরওয়ের নাগরিক ওলে-জোহান গ্রিমসগার্ড-অফস্ট্যাডের (৪৮) ছবি প্রকাশ করা হয়। এতে তাঁদের মুক্তির বিনিময়ে মুক্তিপণ দাবি করে জঙ্গি সংগঠনটি। ফান জিংঘুই একজন কনসালট্যান্ট। গ্রিসমগার্ড ট্রনড্রেইমের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, তবে জিম্মি হওয়ার আগে তিনি বেকার ছিলেন। কখন, কীভাবে এই দুজনকে অপহরণ ও হত্যা করা হলো, তার বিস্তারিত প্রকাশ করেনি আইএস।
নরওয়ে সরকার জানায়, গ্রিমসগার্ড গত জানুয়ারি মাসে সিরিয়ায় অপহরণের শিকার হন। গত সেপ্টেম্বরে গ্রিমসগার্ডের পরিবার আইএসের দাবিমতো মুক্তিপণ দিতে অসমর্থ বলে জানায়। একই সময়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও স্বীকার করে, সম্ভবত আইএস তাদের একজন নাগরিককে আটক রেখেছে।