স্পেনে গতকাল রোববার এক ‘ঐতিহাসিক’ নির্বাচনে ভোট দিয়েছেন দেশটির নাগরিকেরা। দেশটির গণতান্ত্রিক ব্যবস্থার ইতিহাসে এটি সবচেয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলোর একটি হবে বলে মনে করা হচ্ছে। দেশটির রাজনীতিতে নতুন দুটি দল বেশ প্রভাব বিস্তার করেছে। এ কারণে এবারের নির্বাচনের মধ্য দিয়ে স্পেন দীর্ঘদিন ধরে চলে আসা দুই দলীয় ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে। খবর এএফপির।
১৪ দিনের জমজমাট প্রচারণার পর রক্ষণশীল পপুলার পার্টির প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয় পুনরায় নির্বাচিত হওয়ার আশা করছেন। তবে তিনি যে কেবল তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সমাজতন্ত্রী দলের কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবেন তা-ই নয়, মধ্যপন্থী হুয়ানোস (কাতালান) এবং ব্যয় সংকোচনবিরোধী বামপন্থী দল পোয়েমসের চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে তাঁকে।
নির্বাচন নিয়ে স্পেনের শীর্ষ বিক্রীত দৈনিক সংবাদপত্র এল পাইস গতকাল প্রথম পৃষ্ঠার খবরে বলেছে, ‘স্পেনীয়রা আজ (গতকাল) রাজনীতির এক নতুন যুগে প্রবেশের সিদ্ধান্ত নেবেন।’ তবে এর প্রতিদ্বন্দ্বী দৈনিক এল মুনদো সতর্ক করে বলেছে, ‘দুঃশাসনের প্রকৃত ঝুঁকি দেখা দিয়েছে।’
স্পেনের স্থানীয় সময় গতকাল সকাল নয়টায় ওই ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত আটটা পর্যন্ত। ভোট শেষ হওয়ার কয়েক ঘণ্টা পরই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করার কথা।
উচ্চ বেকারত্ব, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য, ব্যাপক মাত্রার দুর্নীতি ও উত্তর-পূর্বাঞ্চলীয় কাতালোনিয়ায় ক্রমেই বেড়ে ওঠা স্বাধীনতাকামী আন্দোলন গভীর অর্থনৈতিক সংকটে নিমজ্জমান স্পেনের সামনে বড় চ্যালেঞ্জ। আর এ বিষয়গুলো নির্বাচনের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
নির্বাচন নিয়ে করা পূর্বাভাসগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী রাহয়ের ক্ষমতাসীন পপুলার পার্টি অধিকাংশ ভোটারের সমর্থন পাবে, কিন্তু প্রয়োজনীয় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ফলে দলটি অন্য কোনো দলকে নিয়ে একটা অস্বস্তিকর জোট গঠনে বাধ্য হতে পারে। কিংবা তাকে দেশ চালাতে হতে পারে সংখ্যালঘু সরকার হিসেবে।
তবে ভবিষ্যৎ সরকার গঠনের সব হিসাবনিকাশই নির্ভর করছে নির্বাচনে কারা দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করছে তার ওপর। রাজনীতিতে এরই মধ্যে সুসংহত অবস্থান করে নেওয়া নতুন দুই দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ পর্যন্ত বিরোধী দলের মর্যাদা খোয়াতে হতে পারে সমাজতন্ত্রী দলকে।
এমন প্রেক্ষাপটে গতকাল অনুষ্ঠিত ওই নির্বাচনকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন অনেক বিশ্লেষক। তাঁদের মতে, এক যুগান্তকারী পরিবর্তন স্পেনের রাজনৈতিক ব্যবস্থাকে ঝাঁকুনি দিতে চলেছে। ২০১১ সালের নির্বাচনে পড়া ৬৯ শতাংশ ভোটের বিপরীতে এবার ৮০ শতাংশ ভোট পড়ার আশা করা হচ্ছে।
স্পেনের রাজনীতিতে সম্ভাব্য বিরাট পরিবর্তন নিয়ে ‘রেড লাইনস’ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণা বিভাগের প্রধান আনা সালাজার বলেন, দেশটির রাজনীতিতে ওই ঝাঁকুনি শুরু হয়েছে ২০১৪ সালেই, যখন পোয়েমস দলের উত্থান ঘটে। আর্থিক মন্দা কাটাতে সরকারের কঠোর কৃচ্ছ্র নীতি এবং এর পাশাপাশি চলা বৈষম্য ও দুর্নীতিতে ক্ষুব্ধ মানুষের আন্দোলনের প্রেক্ষাপটে উত্থান হয় দলটির।