দুই বিমানবন্দরের কাছে তীব্র লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে গত রোববার রাতে রুশপন্থী বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই শুরু হয়েছে। লড়াই চলছে দোনেস্ক বিমানবন্দরের কাছেও। বিদ্রোহীরা লুহানস্ক বিমানবন্দর দখল করে নেওয়া ও ইউক্রেনের দু্ই প্লাটুন সেনাকে আত্মসমর্পণে বাধ্য করার দাবি করলেও সেনাবাহিনী তা নাকচ করে দিয়েছে। খবর বিবিসি ও আল-জাজিরার।
এদিকে লুহানস্ক এলাকায় ‘অবিলম্বে যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। গতকাল সোমবার ইউক্রেন সংকট নিয়ে বেলারুশের রাজধানী মিনস্কে বৈঠক হওয়ার কথা। ওই বৈঠকে রাশিয়া, ইউক্রেন, রুশপন্থী বিদ্রোহী, মানবাধিকার সংগঠন এবং ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা ওএসসিইর প্রতিনিধিরা যোগ দেওয়ার কথা।
ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র লিয়োনিদ মাতুখিন দেশটির জাতীয় গণমাধ্যমে বলেন, লুহানস্ক বিমানবন্দরের কাছে রুশ মদদপুষ্ট বিদ্রোহীদের ট্যাংক ডিভিশনের বিরুদ্ধে সেনাবাহিনীর লড়াই চলছে। বিদ্রোহীদের রাতভর হামলা সত্ত্বেও ইউক্রেনের সেনারা বিমানবন্দরের নিয়ন্ত্রণ ধরে রেখেছেন।
দোনেস্ক বিমানবন্দরের আশপাশের এলাকায়ও দুই পক্ষের মধ্যে লড়াই ছড়িয়ে পড়েছে। বিদ্রোহীরা দাবি করছে, এখানে ইউক্রেনের দুই প্লাটুন সেনাকে আত্মসমর্পণে বাধ্য করেছে তারা।