সেব্রেনিৎসা হত্যাযজ্ঞের মামলার আপিলের রায়কুখ্যাত সেব্রেনিৎসা গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত দুজন বসনীয় সার্বের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ বহাল রেখেছেন সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিটিওয়াই)। বসনিয়া-হার্জেগোভিনার গৃহযুদ্ধের সময় ১৯৯৫ সালের জুলাই মাসে সার্ব বাহিনী সেব্রেনিৎসায় মাত্র তিনদিনে আট হাজার সাধারণ মুসলিমকে হত্যা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে এটাই সবচেয়ে বড় গণহত্যা। এএফপি, রয়টার্স, বিবিসি।
নেদারল্যান্ডসের হেগভিত্তিক ওই ট্রাইব্যুনালে গতকাল শুক্রবার আপিল শুনানি হয়। বিচারক প্যাট্রিক রবিনসন ওই দুই বসনীয় সার্ব সেনা কর্মকর্তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ বহাল রাখার রায় দেন। গণহত্যার অভিযোগে জাতিসংঘের এ আদালতের এটাই প্রথম চূড়ান্ত রায়।
যুদ্ধাপরাধের আইনে সবচেয়ে মারাত্মক অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হন ৫৭ বছর বয়সী ভুয়াদিন পোপোভিচ ও ৭৫ বছর বয়সী লিউবিসা বিয়ারা নামের দুজন সার্ব। তাঁরা সার্ব সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।
সেব্রেনিৎসার নৃশংস ওই হত্যাযজ্ঞের ঘটনায় অভিযুক্ত অন্য পাঁচজনের মধ্যে ওই দুজনকে ২০১০ সালে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন সাবেক যুগোস্লাভিয়ার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য চারজন সেনা কর্মকর্তা এবং একজন পুলিশ কর্মকর্তাকে পাঁচ থেকে ৩৫ বছর মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। তিন কর্মকর্তা তাঁদের রায়ের বিরুদ্ধে আপিল করেন। ট্রাইব্যুনালের আপিল চেম্বার গতকাল ওই আপিল খারিজ করে দেন। ২০০৬ সালে এ মামলার বিচারকাজ শুরু হয়। মামলায় ৩১৫ জন সাক্ষ্য দেন।
সাবেক বসনীয় সার্ব রাজনৈতিক প্রধান রাদোভান কারাদজিচ এবং তাঁর সামরিক সহযোগী জেনারেল রাতকো ম্লাদিচসহ মামলায় ২০ জনকে অভিযুক্ত করা হয়েছিল।
বসনিয়ার যুদ্ধ শেষ হওয়ার মাত্র কয়েক মাস আগে সার্ব বাহিনীর হাত থেকে বাঁচতে দুই হাজার শরণার্থী সেব্রেনিৎসায় আশ্রয় নিয়েছিল। সেখানকার নিরাপত্তার দায়িত্বে ছিল জাতিসংঘ বাহিনীর ডাচ সেনারা। ওই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন বসনীয় সার্ব কমান্ডার ম্লাদিচ। যুদ্ধাপরাধের অভিযোগে বর্তমানে তাঁর বিচার হচ্ছে। জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক আদালতের তালিকার শীর্ষ পলাতক আসামি ছিলেন ম্লাদিচ। ২০১১ সালে তিনি গ্রেপ্তার হন।
রায় সঠিক নয় মন্তব্য করে অভিযুক্ত ব্যক্তিদের আইনজীবীরা দাবি করেছেন, মূল বিচারের সময় ভুল তথ্য ও বিবরণ উপস্থাপন করা হয়েছিল।