দুর্নীতিগ্রস্ত সাংবাদিক হত্যা সমর্থন করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট
দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের হত্যা করা সমর্থন করে বক্তব্য দেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন ফিলিপাইনের নবনির্বাচিত প্রেসিডেন্ট রদ্রিগো দোতেয়াত্রে।
মঙ্গলবার নিজের মন্ত্রিসভার ঘোষণার পর সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন প্রেসিডেন্ট রদ্রিগো। ওই দিন তিনি বলেন, ‘যারা ঘুষ নেয় এবং দুর্নীতিমূলক অন্য কর্মকাণ্ডে যুক্ত হয়, সেসব সাংবাদিককে হত্যা করা ন্যায্য।’
ম্যানিলায় গত সপ্তাহে এক সাংবাদিক খুন হন। এ বিষয়টির উল্লেখ করে গণমাধ্যমের লোকদের হত্যার বিষয়টিকে প্রেসিডেন্ট রদ্রিগো কী চোখে দেখেন জানতে চাইলে তিনি বলেন, ‘যদি তুমি অত্যন্ত খারাপ হওয়া সত্ত্বেও কেবল একজন সাংবাদিক বলেই গুপ্তহত্যা থেকে রেহাই পাবে বলে ভাবো, বিষয়টি এমন নয়।’
হাজারো অপরাধীকে হত্যা করা হবে—এমন প্রতিশ্রুতি দিয়ে গত মাসে বিপুল ভোটে জয়ী হন রদ্রিগো।
আর রদ্রিগো দোতেয়াত্রে মন্তব্যের প্রতিক্রিয়ায় ফিলিপাইনে সাংবাদিকদের জাতীয় ইউনিয়ন বলেছে, প্রেসিডেন্টের মন্তব্য ‘আতঙ্ক উদ্রেককারী’। সংগঠনটি স্বীকার করে নেয় যে দেশটিতে সাংবাদিকতার সঙ্গে দুর্নীতর সমস্যা বিদ্যমান, তবে এই যুক্তিতে সাংবাদিক হত্যা বৈধতা পায় না। এই মন্তব্য সাংবাদিক হত্যার ঘটনাকে আরও বাড়িয়ে দিতে পারে।